হোম > খেলা > ফুটবল

‘আর্জেন্টিনা এখন আরও পরিণত, অনেক বিশ্ব চ্যাম্পিয়ন আছে এই দলে’

ক্রীড়া ডেস্ক    

দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার পাঁচ গোলের পাঁচটিই দিয়েছেন তিনি। ছবি: এএফপি

একটা সময় যে আর্জেন্টিনাকে ‘আর জেতে না, আর জেতে না’ বলে ট্রল করা হতো, সেই দলটি রীতিমতো উড়ছে। ২০২১ থেকে শুরু করে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। ছন্দে থাকার পুরস্কার হিসেবেই ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে শেষ বত্রিশে উঠেছে আর্জেন্টিনা। দলের প্রাণভোমরা লিওনেল মেসি এবার দলের পাঁচ গোলের পাঁচটিই করেছেন। গত বারের মতো এবারও তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপ জিতে সেবার পেয়েছিলেন গোল্ডেন বলেরও পুরস্কার। চ্যাম্পিয়ন দলের হুলিয়ান আলভারেস, রদ্রিগো দি পল, এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তানরা আছেন এবার শিরোপা ধরে রাখার অভিযানেও।

আগামীকাল জর্ডানের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ডালাসে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে আর্জেন্টিনা-জর্ডান। ‘জে’ গ্রুপের এই ম্যাচটির আগে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রতিনিধি হয়ে কোচ স্কালোনির সঙ্গে আসেন নিকোলাস তালিয়াফিকোও। দলের অবস্থা সম্পর্কে তালিয়াফিকো বলেন, ‘আমার মতে বর্তমান দলটি আগের চেয়ে অনেক বেশি পরিণত। এখানে বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার রয়েছেন। দল অনেক অভিজ্ঞ। তবে এটাও জানি যে কোনোভাবেই আত্মতুষ্টিতে ভোগা যাবে না। কারণ, বড় ম্যাচগুলোর ভাগ্য অনেক সময় ছোট ছোট বিষয়ের ওপর নির্ভর করে।’

মেসির পাঁচ গোলের পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকেও কৃতিত্ব দিতে হবে। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা পাঁচ গোল দিলেও কোনো গোল তারা হজম করেনি। প্রতিপক্ষের সামনে যখন মার্তিনেস ‘চীনের মহাপ্রাচীর’ বনে যান, তখন গোল কী করে হবে! জর্ডান ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে তালিয়াফিকো বলেন, ‘আমাদের দলের অন্যতম বৈশিষ্ট্য হলো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। সবাই এটা খুব ভালোভাবে বোঝে। ম্যাচের পরিস্থিতি, আবেগ ও বিভিন্ন মুহূর্তের সঙ্গে মানিয়ে নিতে জানে। বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া উচিত।’

আলজেরিয়ার বিপক্ষে তালিয়াফিকোর সময় কেটেছে বেঞ্চে বসে। আর অস্ট্রিয়া ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন ৮ মিনিট। অভিজ্ঞ এই ডিফেন্ডার না থাকলেও ফাকুন্দো মেদিনা, নিকোলাস ওতামেন্দিরা রক্ষণভাগ সামলেছেন দারুণভাবে। এমনকি স্কালোনিও অনুশীলনের সময় একেক ফরমেশনে শিষ্যদের খেলাচ্ছেন।

তালিয়াফিকোর মতে ম্যাচের মতো আবহে অনুশীলন করছেন বলে তাঁদের মূল ম্যাচে খেলতে তেমন অসুবিধা হয় না। জর্ডান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘আমরা অনুশীলন অনেক সময় দিচ্ছি। হাই ইনটেনসিটি দেখা যায় সেখানে। বল যতটা বেশি পায়ে রাখা যায়, সেই চেষ্টাই করি। কখনোই আত্মতুষ্টিতে ভুগি না। শারীরিক ও মানসিক—উভয় দিক থেকেই এটা আমাদের অনেক উপকার করে।’

‘জে’ গ্রুপ থেকে একমাত্র আর্জেন্টিনাই নকআউট পর্বে উঠেছে। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে যে জিতবে, তারা গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে উঠবে। হেরে যাওয়া দল তৃতীয় দল হিসেবে উঠতে পারে কি না, সেটা নির্ভর করবে অনেক সমীকরণের ওপর। যে সময় আর্জেন্টিনা-জর্ডান মুখোমুখি হবে, সে সময় কানসাসে চলবে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ। আর নকআউট পর্বে আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের বিপক্ষে। মায়ামিতে ৪ জুলাই ভোর চারটায় শুরু হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে শেষ বত্রিশের ম্যাচ।

২০৩৮ বিশ্বকাপও আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র

কেন ছিলেন না হালান্ড

যুক্তরাষ্ট্র-ফিফার প্রতি ক্ষোভ উগরে দিল ইরান

‘যখন আর্জেন্টিনার জার্সি পরবেন, তখন এগুলো আসলে কোনো ব্যাপারই না’

যেভাবে নকআউটে যেতে পারে ইরান

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে বেলজিয়াম-মিসর

নকআউটে আর্জেন্টিনাকে পেয়ে কেপ ভার্দের কোচ বললেন, অসম্ভব বলে কিছু নেই

জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন স্কালোনি

কেপভার্দে-সৌদি ম্যাচ ড্রয়ের পর নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত