বেশ তোপের মুখেই আছে ফিফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতার শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাবে ফিফার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিন মহাদেশীয় শীর্ষ সংস্থা উয়েফা, কনকাকাফ ও এএফসি। এরপরও বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর বিষয়ে থেমে নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
শতবর্ষের বিশ্বকাপকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। ২০৩০ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করা যায় কি না, এরই মধ্যে বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয়েছে। রয়টার্সের হাতে আসা একটি নথিতে এই তথ্য উঠে এসেছে।
বিশ্বকাপে আরও ১৬ দল বাড়ানোর সম্ভাব্য প্রভাব যাচাই করতে একটি স্বাধীন সংস্থাকে নিয়োগ দিতে চায় ফিফা। সংস্থাটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘২০৩০ বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করা হলে এবং করলে এর কী ধরনের প্রভাব পড়বে, তা নির্ধারণের জন্য ফিফা একটি স্বাধীন সংস্থা নিয়োগ করতে চায়।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত গবেষণায় ৬৪ দলের বিশ্বকাপের সম্ভাব্য সুবিধা ও চ্যালেঞ্জ বিশ্লেষণ করতে চায় ফিফা। সেই সঙ্গে প্রতিযোগিতার মান, দলগুলোর মধ্যে ভারসাম্য, বাছাইপর্ব, খেলোয়াড়দের ওপর চাপ এবং আন্তর্জাতিক ফুটবল সূচির ওপর এর প্রভাব খতিয়ে দেখা হবে।
এ ছাড়া নতুন ফরম্যাটে টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্ব থেকে সম্ভাব্য আয়ও হিসাব করা হবে। ফিফা জানিয়েছে, বিশ্লেষণের মাধ্যমে শুধু অতিরিক্ত আয়ের সম্ভাবনাই নয়, সেই আয় দীর্ঘমেয়াদে টেকসই হবে কি না, সেটিও বিবেচনা করা হবে।
ফিফা জানিয়েছে, গবেষণার দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে ১৪ আগস্ট। এরপর নির্বাচিত সংস্থাকে ১১ সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ মাত্র চার সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে।
২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েও একটি করে ম্যাচ আয়োজন করবে।