বসুন্ধরা কিংস অ্যারেনায় তখন গুমোট আবহাওয়া, মাঠ কর্দমাক্ত। কিন্তু সেই প্রতিকূলতা ছাপিয়ে ফুটবলের চিরাচরিত অঘটনের গল্প লিখল পিডব্লিউডি এসসি। ফেডারেশন কাপের রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে আজ ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে তারা। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ আব্দুল্লাহর করা একমাত্র গোলটিই শেষ পর্যন্ত আকাশী-নীলদের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। সেই সুযোগে এলিমিনেটরে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে প্লে অফ নিশ্চিত করেছে তারা।
পিডব্লিউডির জিতেও অবশ্য কোনো লাভ হয়নি। ৬ পয়েন্ট নিয়ে আদতে ফেডারেশন কাপ থেকে বিদায়ই নিতে হয়েছে তাদের। রহমতগঞ্জের সমান ৬ পয়েন্ট থাকলেও হেড টু হেডে পিছিয়ে আছে তারা।
অথচ আবাহনীর হয়ে একের পর এক আক্রমণ সাজিয়েছেন শেখ মোরসালিন ও সুলেমানে দিয়াবাতেরা। কিন্তু কখনো পিডব্লিউডির গোলরক্ষক সারোয়ার জাহানের দৃঢ়তা, আবার কখনো নিজেদের ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি ধানমণ্ডির জায়ান্টদের। ম্যাচের ২২ মিনিটে আল আমিনের সহজ সুযোগ মিস এবং ৩০ মিনিটে মোরসালিনের শট গোলকিপারের হাতে প্রতিহত হওয়া ছিল আবাহনীর জন্য ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পূর্বাভাস।
বিরতির পর খেলার ধারার বিপরীতে লিড নেয় পিডব্লিউডি। ৬৫ মিনিটে আলি উজাইরের পাস থেকে বক্সে কাটব্যাক করেন আবু সাইদ। সেই বল ধরে ঠান্ডা মাথায় ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে এড়িয়ে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আব্দুল্লাহ। আবাহনী গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় কিংস অ্যারেনা।
পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমণ চালায় আবাহনী। মিরাজুল ইসলাম ও দিয়াবাতে কয়েকবার সুযোগ পেলেও ভাগ্য সহায় ছিল না। ৪ ম্যাচে ১ জয় আর ১ ড্রয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো গতবারের রানার্সআপদের।