হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান সিরিজের প্রস্তুতি বিসিএলের মোড়কে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টুর্নামেন্ট শুরুর আগে শেষ মুহূর্তে মোস্তাফিজদের প্রস্তুতি। ছবি: বিসিবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব চলছে। সরকারি সিদ্ধান্তে টুর্নামেন্টটা খেলা না হলেও এখন তা বাংলাদেশের কাছে অতীত। বাংলাদেশের সামনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পরই শুরু হতে যাওয়া এ সিরিজ সামনে রেখে এখন প্রস্তুত হচ্ছেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। আজ শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে পাকিস্তান সিরিজের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া যাবে বলে মনে করেন শান্ত।

২০২৬ বিসিএল শুরুর আগের দিনে ক্রিকেটাররা প্রস্তুতি নিয়েছেন শোকের আবহে। গতকাল মারা গেছেন শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছে। মুশফিকুর রহিম, রুবেল হোসেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। আর সংবাদ সম্মেলনে এসে শান্ত ও ইয়াসির আলী চৌধুরী আবেগতাড়িত কণ্ঠে মা-হারা মেহেদীকে সমবেদনা জানিয়েছেন।

এক মৌসুম পর বগুড়া-রাজশাহীতে আজ শুরু হতে যাওয়া বিসিএল হচ্ছে ওয়ানডে সংস্করণে। পঞ্চমবারের মতো হতে যাওয়া ৫০ ওভারের সংস্করণে হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নেবে আগের মতোই চার দল—উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল। আজ বগুড়ায় মুখোমুখি হবে উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল। দিনের অন্য ম্যাচে রাজশাহীতে দক্ষিণাঞ্চলের বিপক্ষে খেলতে নামবে মধ্যাঞ্চল। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন ওয়ানডে মিরপুরে হলেও বগুড়া-রাজশাহীর রানপ্রসবা উইকেটে বিসিএল আয়োজনকে ইতিবাচক মনে করছেন উত্তরাঞ্চলের অধিনায়ক শান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রস্তুতির জন্য অনেক ভালো টুর্নামেন্ট। নতুন অনেকে খেলার সুযোগ পাচ্ছে। ভালো দুই ভেন্যুতে খেলা হচ্ছে। স্পোর্টিং উইকেটে অনেক রানও হয়। এখানে (বিসিএল) ভালো খেললে পাকিস্তান সিরিজে ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারব।’

শান্তর কথার প্রতিধ্বনি দক্ষিণাঞ্চলের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের কণ্ঠেও। গতকাল সংবাদ সম্মেলনে অঙ্কন বলেন, ‘বগুড়া-রাজশাহীতে সব সময় স্পোর্টিং উইকেটে খেলা হয়। হাই স্কোরিং ম্যাচ হয়। আমরাও আগে এখানে খেলেছি।’ টুর্নামেন্ট শুরুর আগের দিন সবাইকে ইফতার করিয়েছেন উত্তরাঞ্চলের তাওহীদ হৃদয়।

নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুমতি পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে স্বাভাবিকভাবেই মন খারাপ ক্রিকেটারদের। তবে আশরাফুলের কাছে এটি শুধুই অতীত, ‘আমি চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। দুবার অধিনায়ক ছিলাম। এবার প্রথমবার কোচ হিসেবে যেতাম, যেহেতু হয়নি। যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ওই ঘটনার পর আমরা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেললাম। খুব চমৎকার একটা টুর্নামেন্ট হয়েছে। এখন বিসিএল আছে। সামনে পাকিস্তান আসবে।’

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার আশা জয়ের

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী