ই-সিগারেট এবারের আইপিএলে আলোচিত এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ড্রেসিংরুমে রিয়ান পরাগের ই-সিগারেটের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় যুজবেন্দ্র চাহাল। চাহাল ঘটনাটি ঘটিয়েছেন বিমানে। তাঁর এই কাণ্ডে চলছে আলোচনা-সমালোচনা।
বিমানে চাহালের ই-সিগারেট টানার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওটি আর্শদীপ সিংয়ের ভ্লগ থেকে স্ক্রিনশট হিসেবে নেওয়া হয়েছে। পাঞ্জাব কিংসের সঙ্গে আহমেদাবাদ থেকে হায়দরাবাদ যাওয়ার সময় চাহাল ই-সিগারেট টানতে দেখা গেছে। আর্শদীপ তখন সূর্যাংশ শেডগের সঙ্গে কথা বলছেন আর সতীর্থ শশাঙ্ক সিংয়ের পাশে বসে ই-সিগারেট টানছেন চাহাল।
আর্শদীপের ভ্লগটির মূল অংশ আরও ছোট করা হয়েছে বলে জানা গেছে। যাতে চাহালের ই-সিগারেটের ঘটনা আড়াল করা যায়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই তাঁর এই ঘটনা ভাইরাল হয়ে যায়। যদিও চাহাল বা পাঞ্জাব এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
ছন্দে থাকা পাঞ্জাব সবশেষ টানা তিন ম্যাচ হেরেছে। রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্সের পর গত রাতে পাঞ্জাবকে হারের স্বাদ উপহার দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাব পুরো ২০ ওভার খেললেও ৭ উইকেটে ২০২ রানে আটকে যায়।
এর আগে রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছিলেন তিনি। ২৮ এপ্রিল নিউ চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ড্রেসিংরুমে ই-সিগারেট টানছিলেন পরাগ।
পাঞ্জাবের বিপক্ষে গত রাতে ৩৩ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। এখন ১৪ পয়েন্ট হয়েছে হায়দরাবাদের। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে পাঞ্জাব কিংস। তিন, চার ও পাঁচে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স প্রত্যেকের পয়েন্ট ১২।