নিউজিল্যান্ড দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে বলেই বোধহয় বাংলাদেশের প্রথম ওয়ানডের পারফরম্যান্স নিয়ে একটু বেশিই সমালোচনা হচ্ছে। সফরকারীদের করা ২৪৭ রান তাড়া করে জিততে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। ২৬ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকেরা।
দ্বিতীয় ম্যাচটা এখন বাংলাদেশের জন্য বাঁচা-মরার। সিরিজে টিকে থাকতে চাইলে আজ জিততেই হবে তাদের। এই সমীকরণে দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য কথা বলেনি বাংলাদেশের হয়ে। টস জিতে স্বাগতিকদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। আগে ব্যাট করবে তাঁর দল।
একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। তাঁর পরিবর্তে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। এর আগে গত বছরের অক্টোবরে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন এই ব্যাটার। পাকিস্তান সিরিজের দলে থাকলেও ডাগআউটে বসেই সময় পার করেছেন সৌম্য। ছয় মাস পর একাদশে ফিরলেন তিনি। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে নিউজিল্যান্ড।
প্রথম ওয়ানডের একাদশে রাখা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। টসের আগে ওয়ার্ম আপের সময় হাঁটুতে চোট পাওয়ায় শেষ মুহূর্তে ছিটকে যান এই পেসার। তাঁর পরিবর্তে একাদশে নেওয়া হয় শরীফুল ইসলামকে। দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলন করতে দেখা গেছে মোস্তাফিজকে। তবে এই ম্যাচেও একাদশে ফেরা হলো না কাটার মাস্টারের।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম লাথাম (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও রুর্ক, জেডন লেনক্স।