হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশ কী পরিকল্পনা করছে, জানে না পাকিস্তান’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। ছবি: ক্রিকইনফো

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনেই। সম্ভাব্য পরিণতি ড্র মনে হলেও গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ঘটতে পারে যেকোনো কিছুই। পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আঘা রোমাঞ্চকর শেষের আশাই করছেন।

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রানে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড হয়েছে ১৭৯ রানের। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৫৮ ও ১৬ রানে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন। পাকিস্তানের তিন পেসার হাসান আলী, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি একটি করে উইকেট পেয়েছেন। আজ সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘দেখুন, এই মুহূর্তে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কার পাল্লা ভারী। আমি মনে করি টেস্ট ক্রিকেটের পঞ্চম দিন হিসেবে আগামীকাল একটি রোমাঞ্চকর দিন হতে যাচ্ছে। আমাদের কৌশল হবে যত দ্রুত সম্ভব তাদের অল-আউট করা। তারা কী ভাবছে বা কী করবে, তা আমি বলতে পারব না। আমি কেবল আমার দলের কথা ভাবতে পারি। আমি চাই না তারা আরও ১০০ রান করুক। আমরা চাই যত দ্রুত সম্ভব তাদের অল-আউট করতে।’

আজ চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসেছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলেছেন, ‘৭০ থেকে ৭৫ ওভারে ২৬০ রান তাদের জন্য যথেষ্ট হতে পারে।’ সংবাদ সম্মেলনে সালমানের কাছেও প্রশ্ন করা হয়েছিল আশরাফুলের প্রসঙ্গ। পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। তারা যদি সাহসী হয়ে আমাদের ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, আমরা নিশ্চিতভাবে তা তাড়া করতে চাইব। তবে আমার মনে হয় না তারা এমনটা করবে।’

ম্যাচে যেমন লক্ষ্যই পাকিস্তানের সামনে বাংলাদেশ দাঁড় করাক না কেন, সফরকারীরা জয়ের জন্য ঝাঁপাবে—সালমানের কণ্ঠে আজ ছিল এমন আত্মবিশ্বাস। পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘যদি আমাদের হাতে দুই সেশন এবং ২৫০ রানের মতো লক্ষ্য থাকে, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য খেলব। তারপর দেখব পিচ কেমন আচরণ করছে। বর্তমানে আমরা এই ম্যাচটি জিততে চাই।’

আশরাফুল ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্যের কথা বললেও সালমান মনে করছেন, শেষ দিনে বাংলাদেশের ঝুঁকি নেওয়ার সম্ভাবনা কম। পাকিস্তানি এই ব্যাটার আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘এর জন্য তাদের আরও রান করতে হবে। বর্তমানে তাদের লিড ১৭৯ রান। তাদের আরও ১০০ রান করতে হবে প্রায় ২০ ওভারে। তারা যদি এটা করতে চায় তবে তা দুর্দান্ত হবে। কিন্তু অনেক ঝুঁকিপূর্ণও হবে। আমি ব্যক্তিগতভাবে চাই তারা এটা করুক এবং আমাদের ৭০ ওভারে ২৬০-২৭০ রানের লক্ষ্য দিক। তবে কেন যেন মনে হচ্ছে তারা এটা করবে না।’

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ স্বাভাবিকভাবেই এগিয়ে। তবে কখনো কখনো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। ম্যাচের অবস্থা নিয়ে আজ চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘আমার মনে হয় না এটা বলা ঠিক হবে যে ১১টি সেশনের একটিও জিতিনি। দ্বিতীয় দিন আমরা বেশ ভালো খেলেছিলাম। আমরা তাদের দ্রুত অলআউট করেছিলাম এবং আমাদের ১ উইকেট হারিয়ে ১৫০ রানের মতো ছিল। তাই দ্বিতীয় দিনটি আমাদের ছিল বলা যায়। প্রথম দিনটি আমরা জিতিনি এবং তৃতীয় দিনটি মিশ্র ছিল। আজকের দিনটিও আপনি বলতে পারেন ৭০-৩০ বা ৬০-৪০ এর মতো ছিল।’

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বর্তমান চক্রে ৫০ শতাংশ সফলতার হার নিয়ে পাকিস্তান পাঁচ নম্বরে। আর ১৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে আটে বাংলাদেশ।

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে

বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ