হোম > খেলা > ক্রিকেট

তামিমদের ‘ক্যাপ্টেনস কার্ডে’ কী কী সুবিধা পাবেন অধিনায়কেরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ক্যাপ্টেনস কার্ড পেয়েছেন অধিনায়কেরা। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন খাতে কার্ড দিচ্ছে বর্তমান সরকার। কদিন আগে ক্রীড়াবিদদের জন্য ‘ক্রীড়া কার্ড’ বিতরণ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত অ্যাডহক কমিটির প্রধান হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে আসা তামিম ইকবালও একটি ‘কার্ডে’র সূচনা করেছেন ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দিয়েছে বিসিবির বর্তমান কমিটি।

আজ সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে তামিম তুলে ধরেছেন অধিনায়কদের কার্ডের সুবিধাগুলো। বিসিবি সভাপতি বলেন, ‘বেশি কিছু না, আজ থেকে আজীবন এই কার্ডটা হলো আপনাদের পরিচয়পত্র। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হয়—আইসিসির ইভেন্ট, এসিসির ইভেন্ট, ঘরের মাঠে সিরিজ, বিপিএল, ঘরোয়া ক্রিকেট—এই কার্ডটিই হবে আপনার পাস। আমি কোনো দিন দেখতে চাই না যে আমাদের কোনো অধিনায়ক একটি টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে।’

জানা গেছে, কার্ডের মাধ্যমে স্টেডিয়ামে পার্কিং সুবিধা, স্টেডিয়ামে বিশেষ লাউঞ্জ, অবসরের পর থেকে স্বাস্থ্য বিমা সুবিধা ও বিসিবির মেডিকেল সুবিধা পাবেন সাবেক অধিনায়কেরা। রাকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু থেকে শুরু করা এই সময়ের নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। একরকম মিলনমেলাই হয়ে গেল তাঁদের। অনুমিতভাবেই ছিলেন না বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, ছিলেন না মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। সদ্য সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদও ছিলেন না অনুষ্ঠানে।

তামিমের দাবি তিনি সবার সঙ্গেই যোগাযোগ করেছেন। বিসিবি সভাপতি বলেন, ‘পরিস্থিতির কারণে অনেকে আসতে পারেনি। মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি প্রত্যেকের সঙ্গেই কথা বলেছি। বুলবুল ভাইকে কল করেছি, মেসেজ পাঠিয়েছি। পরে বুঝলাম আমিও ব্লকড!’ তামিমকে ব্লক লিস্টে রাখার প্রসঙ্গ আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হলে হোয়াটসঅ্যাপে তিনি বার্তা পাঠান, ‘সত্য নয়!’

তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অনস্বীকার্য।’ তামিম আরও যোগ করেন, ‘যারা যারা এখানে আছেন, এখানে রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বোর্ডে কী হয়েছে, তা নিয়েও কথা বলতে চাই না। আমরা সবাই ক্রিকেটার এবং প্রত্যেককে সম্মান করি। এটাই আমার বার্তা ছিল।’

দিনে ম্যাচ হওয়ায় বেশি চিন্তিত নিউজিল্যান্ড

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখবেন কোথায়

দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলবেন তামিম

গেইলের রেকর্ড ভেঙে কোহলি-ওয়ার্নারকে তাড়া করছেন বাবর

সৌম্যকে কি এবার সুযোগ দেবেন মিরাজ

তামিমের সঙ্গে কী কথা হয়েছে মিরাজের

পুরো ফিট না হয়েও খেলে যাচ্ছেন কোহলি

বিসিবির কমিটিতে ইশরাকের ভাই মাশরুর

হারের বৃত্তে আটকে থাকা কলকাতার ‘বড় ভুল’ কোথায়

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল