হোম > খেলা > ক্রিকেট

হারের পর সাকিবকে নিয়ে কী বললেন লঙ্কান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে ‘যুদ্ধ’ জমে গিয়েছিল সাকিব আল হাসানের। ছবি: সংগৃহীত

প্রথম দুইবার সাকিব আল হাসানকে ছক্কা মারলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু ছক্কার হ্যাটট্রিকটা আর করা হলো না। সাকিবের কাছে ধরা খেতেই হলো হাসারাঙ্গাকে। লঙ্কান তারকা ক্রিকেটারের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যান্ডি রয়্যালসের ব্যাটিং লাইনআপ। সাকিবের জাফনা কিংস সহজে জিতে যায় ম্যাচটা।

সাকিব-হাসারাঙ্গার ঘটনাটা ঘটেছিল ক্যান্ডির ইনিংসের ১৭তম ওভারে। সেই ওভারের চতুর্থ বলে সাকিবকে সুইপ করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে সীমানার ওপারে পাঠালেন হাসারাঙ্গা। পরের বলে লঙ্কান ক্রিকেটার স্লগ সুইপে মারলেন ছক্কা। এবারের গন্তব্য ডিপ মিড উইকেট। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে দুনিথ ভেল্লালাগের তালুবন্দী হলেন হাসারাঙ্গা।

হাসারাঙ্গা আউট হওয়ার আগে হাতে ৪ উইকেট নিয়ে ১৯ বলে ৩৫ রানের সমীকরণ ছিল ক্যান্ডি র‍য়্যালসের। কিন্তু লঙ্কান অলরাউন্ডারের বিদায়ের মাধ্যমে ধসের শুরু। ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ২০০ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। ২১ রানে হারের পর হাসারাঙ্গা বলেন, ‘এমন লক্ষ্য তাড়া করতে গেলে মাঝেমধ্যে এমনটা (মিডল অর্ডারে ধস) হয়। আমার আউট হওয়াটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

পাল্লেকেলেতে সাকিব গতকাল পুরোদস্তুর অলরাউন্ড পারফর্ম করেছেন। টস হেরে আগে ব্যাটিং পাওয়া জাফনা কিংস ২০ ওভারে ৬ উইকেটে করে ২২১ রান। ছয় নম্বরে নামা সাকিব ১৬ বলে একটি করে চার ও ছক্কায় ২২ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ ওভারে ৪৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ঝোড়ো শুরু করা লাহিরু ইগালামাকে (১৫ বলে ৩০ রান) ফিরিয়ে সাকিবের শুরু। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এরপর ফিরিয়েছেন কুশল পেরেরাকে। ১০ বলে ১৬ রানের ইনিংস খেলে পেরেরাও ঝোড়ো ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন।

হাসারাঙ্গাকে নিজের তৃতীয় শিকার বানিয়ে সাকিব ক্যান্ডির লাইনআপ ধসিয়ে দিলেন। সপ্তম উইকেটে বিজয় শঙ্কর-হাসারাঙ্গা ১৮ বলে ৩৯ রানের জুটি গড়েন। হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ২৪ রান। ১২ বলের ইনিংসে তিন চার মারেন ক্যান্ডির অধিনায়ক। অলরাউন্ড পারফর্ম করেও ম্যাচসেরা হতে পারেননি সাকিব। জাফনার চামিন্দু বিক্রমাসিঙ্গে হয়েছেন ম্যাচসেরা। সাত নম্বরে নেমে ১৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ৪৩ রান। ফিল্ডিংয়ে ধরেন ২ ক্যাচ।

জাফনার ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেন কামিল মিশারা। ২৬ বলের ইনিংসে ২ চার ও ৫ ছক্কা মারেন এই বাঁহাতি ওপেনার। তবে ইমপ্যাক্ট বিবেচনায় বিক্রমাসিঙ্গে ম্যাচসেরা। এই দলেরই তাওহীদ হৃদয় ১৬ বলে করেন ২১ রান। ২৫ বছর বয়সী বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার একটি করে চার ও ছক্কা মারেন।

আইসিসির বিশ্বকাপের প্রচারে বাংলাদেশের খেলা নেই

বাংলাদেশ সিরিজ দিয়েই ভালো প্রস্তুতি সারতে চান অস্ট্রেলিয়ার তারকা পেসার

কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি

‘২৩ বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের আরও খেলা উচিত ছিল’

ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়ক রুট

সাকিবের নেতৃত্বে লিজেন্ডসদের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, আরও আছেন যাঁরা

ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক অধিনায়ক

‘প্রতি সিরিজে বোনাস ঘোষণা করা এবং তাদের প্রশ্ন করা—এভাবে ক্রিকেট চলে না’

২০৩১ ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে যে স্টেডিয়াম নিয়ে বিসিবির বিশেষ পরিকল্পনা

মিরাজকে সরিয়ে লিটনকে অধিনায়ক করার ব্যাখ্যা দিলেন তামিম