নিতিন মেনন এখন ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে। আইপিএলের ব্যস্ততা রেখে আইসিসির এলিট প্যানেলের এই ভারতীয় আম্পায়ার আসছেন বাংলাদেশে। তিনি আম্পায়ারিং করবেন ১৭ এপ্রিল থেকে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে।
সূচি অনুযায়ী, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে নিতিন ১৭ এপ্রিল ঢাকায় ও ২৩ এপ্রিল চট্টগ্রামে অন ফিল্ড আম্পায়ারিং করবেন। ২০ এপ্রিল মিরপুরে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। ওয়ানডে সিরিজ শেষে তিনি আবার ফিরে যাবেন। নিতিন এর আগেও বাংলাদেশে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সিরিজে আম্পায়ারিং করেছেন। । ২০২৪ সালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে তিনি আম্পায়ারিং করেছেন। ছিলেন ২০২৩ বিশ্বকাপের আগ মুহূর্তে মিরপুরে হওয়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজেও।
তবে গত অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনমনই শুধু নয়, গত জানুয়ারিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘটনায় দুই ক্রিকেট বোর্ডের সম্পর্কেও বেশ টান পড়েছিল। বর্তমান সরকারের শুরুর দিকে অনুষ্ঠেয় বাংলাদেশ সিরিজে একজন ভারতীয় আম্পায়ার থাকা তাই বিশেষ বার্তাই দিচ্ছে। তিনি আসছেনও আবার আইপিএলের ব্যস্ততা রেখে, যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলোয়াড়-কোচিং স্টাফদের মতো আম্পায়ারদের পারিশ্রমিকও আকর্ষণীয়।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে মেননের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট। স্থানীয় আম্পায়ারদের মধ্যে ওয়ানডে সিরিজে থাকছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও মোরশেদ আলী খান।