হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশের দুই ক্রিকেটার কেন্টের হয়ে খেলছে, এটাই অনেক বড় কিছু’

ক্রীড়া ডেস্ক    

হাসান মাহমুদ-সৈয়দ খালেদ আহমেদ কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। ছবি: ফেসবুক

প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।

ডারউইনে গত আগস্টে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে হাসান হয়েছিলেন ম্যাচসেরা। ১১১ রানে নিয়েছিলেন ৯ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসেই পেয়েছিলেন ৬ উইকেট। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন কেন্টেও। দ্বিতীয় দফায় কেন্টে ফিরে এরই মধ্যে নিয়েছেন ১১ উইকেট। গতকাল ডার্বিশায়ারের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে কেন্টের ওয়েবসাইটে হাসান বলেন, ‘বাংলাদেশের মানুষ খুবই খুশি যে দুই বাংলাদেশি কেন্টের হয়ে খেলছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় যেমন খেলেছি, তারপর এটা আমাদের জন্য খুবই বিশেষ কিছু।’

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন টুতে গতকাল টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড। আগে ব্যাটিং পাওয়া ডার্বিশায়ার গুটিয়ে যায় ৩০০ রানে। ১০ উইকেটের মধ্যে সাত উইকেট ভাগাভাগি করে নিয়েছেন হাসান ও খালেদ। যেখানে হাসান পেয়েছেন ৪ উইকেট ও খালেদ ৩ উইকেট পেয়েছেন।

খালেদের সঙ্গে জুটি বেঁধে বোলিং খুব উপভোগ করছেন হাসান। ভবিষ্যতেও হাসান এই ধারাবাহিকতা ধরে রাখতে চান। প্রথম দিনের খেলা শেষে ২৬ বছর বয়সী বাংলাদেশি পেসার বলেন, ‘আমার সঙ্গে খালেদ আহমেদ জুটি হিসেবে থাকাটা অবশ্যই ভালো ছিল। তাতে খুবই খুশি। কেন্টের হয়ে নিজের প্রথম ম্যাচেই সে ৩ উইকেট নিয়েছে। আশা করি পরের ইনিংসেও সে দারুণ কিছু করবে।’

কেন্টে দ্বিতীয় দফায় ফিরে ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন হাসান। বিশেষ করে গুড লেংথে বল ফেলে ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলছেন তিনি। সামাজিকমাধ্যমে প্রায়ই ভাইরাল হয় সেই ঘটনা। তাঁকে খেলতেই যেন প্রতিপক্ষ ব্যাটাররা বেশ চাপে থাকেন। ২৬ বছর বয়সী বাংলাদেশি পেসার বলেন, ‘নতুন উইকেটে আমি শুধু ভালো লেংথে বোলিং করে ব্যাটারদের চাপে রাখার চেষ্টা করেছি। যতটা সম্ভব রান কম দেওয়ার চেষ্টা করেছি।’

জুন মাসে ইংল্যান্ডে কাঁপিয়ে এসেছেন হাসান মাহমুদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে কেন্টের জার্সিতে ২ ম্যাচ খেলে নিয়েছেন ১২ উইকেট। অস্ট্রেলিয়ায় ১-১ সমতায় সিরিজ ড্র করে কেন্টে ফিরে দ্বিতীয় দফায় পেয়েছেন ১১ উইকেট। এবার তাঁর ৪ উইকেট নেওয়ার দিনে ডার্বিশায়ার প্রথম ইনিংসে ৩০০ করতেই শেষ। কেন্ট ১৪ রানে ১ উইকেটে প্রথম দিনের খেলা ঘোষণা করে। এর আগে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ৭ উইকেট পেয়েছেন তিনি।