বাংলাদেশ বাবর আজমের কাছে অপরিচিত নয়। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। তবে এবার বাংলাদেশ সফরে এসে পাকিস্তানি ক্রিকেটারের মনে পড়ল পুরোনো এক ঘটনা। যে ঘটনা ফের মনে করিয়ে দিল, কীভাবে তিনি আজকের বাবর আজম হয়ে উঠেছেন।
বাংলাদেশ সময় পরশু রাতে ঢাকায় এসেছেন বাবর। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা মাত্রই পাকিস্তানি তারকা ক্রিকেটারকে ফুলের তোড়া দিয়ে বিমানবন্দরে বরণ করা হয়। গত রাতে তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন। এরই মধ্যে তিনি সামাজিক মাধ্যমে ১৯ বছরের পুরোনো ঘটনার স্মৃতিচারণা করেছেন। গতকাল বিকেলে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ছবি কোলাজ করে পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমি পারলে, তোমরাও পারবে। তোমাদের এভাবে অনুপ্রাণিত করছি।’
বাবরের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটা মূলত বলবয়দের অনুপ্রেরণা করতেই দেওয়া হয়েছে। এর প্রেক্ষাপট জানতে হলে ফিরে যেতে হবে ১৯ বছর আগে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২০০৭ সালে বলবয়ের দায়িত্ব পালন করেছিলেন বাবর। একজন তরুণ ক্রিকেটপ্রেমী হিসেবে তিনি বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বল সংগ্রহ করতেন। এবি ডি ভিলিয়ার্স, ইউনিস খান, ইনজামাম উল হকদের দেখে অনুপ্রাণিত হতেন। প্রত্যেক দিন কয়েক মাইল হেঁটে গাদ্দাফি স্টেডিয়ামে যেতে হতো তাঁকে। বাবরের গত রাতের পোস্ট করা ছবিতে ২০০৭ সালে তাঁর সেই ছবিসহ বর্তমানে বলবয়দের সঙ্গে তোলা কিছু ছবিও রয়েছে।
বলবয়ের সংস্কৃতি বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরিয়ে এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। নিউজিল্যান্ড সিরিজের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে ফের মাঠে নামতে হবে। পরশু মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১৬ মে সিলেটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট বাবর খেলেছেন একবারই। ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলেছেন। এবার তিনি পিএসএল কাঁপিয়ে বাংলাদেশে এসেছেন। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বাবরের সতীর্থ ছিলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা।