মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে খেলছে বৃষ্টি। হুট করে নেমে আসছে বেরসিক বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে ওভারের পর ওভার নষ্ট হচ্ছে। হাতে আছে কেবল এক দিন। বাংলাদেশ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এমন অবস্থা থেকেও ম্যাচ জেতা সম্ভব বলে আশার কথা শুনিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। সব মিলিয়ে চতুর্থ দিনে খেলা হয়েছে ৪৮.৪ ওভার। সময় বাড়িয়ে খেলা হওয়ার কথা থাকলেও আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ করে দিতে হচ্ছে খেলা। আবহাওয়ার কথা মাথায় রেখেই আশরাফুল মনে করছেন, এখনো বাংলাদেশ ম্যাচ জিততে পারে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ বলেন, ‘বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে নেই। এখনো আমি মনে করছি যে উইকেটে যে সহায়তা আছে, আমরা যদি কাল সকালে একটু ভালো ব্যাটিং করতে পারি, তাহলে এই ম্যাচ জেতা সম্ভব ইনশাআল্লাহ।’
মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়নি দুই ঘণ্টা। আজও মুষলধারে বৃষ্টির কারণে ৩ ঘণ্টা ৪৫ মিনিট খেলা বন্ধ ছিল। তাতে প্রায় ৪০-৪৫ ওভার ভেস্তে গেছে বৃষ্টিতে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশ। এদিকে বাংলাদেশ আজ চতুর্থ দিনে ৩ উইকেটে ১৫২ রানে শেষ করলেও তাদের নামের পাশে ৫০.৩ ওভার। রানরেট ৩ করে। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৫৮ ও ১৬ রানে ব্যাটিং করছেন।
আশরাফুলের মতে টেস্ট ক্রিকেটে যেভাবে ব্যাটিং করা দরকার, বাংলাদেশ সেভাবেই খেলছে। একই সঙ্গে তিনি তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকের ১০৫ রানের জুটির প্রশংসা করেছেন। আজ চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘ধীরগতিতে ব্যাটিং তো করেনি। টেস্ট ক্রিকেটে এখনো ৯৮ ওভার বাকি আছে। আমাদের ব্যাটসম্যানরা যেভাবে খেলছে, বিশেষ করে শান্ত ও মুমিনুলের ১০০ রানের জুটি আমাদের ভালো অবস্থানে রেখেছে। যেভাবে টেস্ট খেলা উচিত সেভাবেই খেলার পরিকল্পনা ছিল।’
বাংলাদেশের লিড এখন ১৭৯ রানের। কখন ইনিংস ঘোষণা করা হবে, সে ব্যাপারে স্পষ্ট কিছু না বললেও আশরাফুল ধারণা দিয়েছেন কত রান জয়ের জন্য যথেষ্ট হতে পারে। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘এখনো আমরা বসিনি কত রান করে আমরা ছাড়ব। কিন্তু অবশ্যই জয়ের জন্য খেলছি এবং আমাদের যে বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিন ও পেস আক্রমণ, তাতে ৭৫ ওভার বোলিং করে যদি ২৬০ রানের মতো লক্ষ্য দিতে পারি, তাহলে আমার মতে জয়ের সম্ভাবনা তৈরি হবে ইনশাআল্লাহ।’
পাকিস্তান পেস বোলিং দিয়ে ঘায়েল করলেও বাংলাদেশ ঘূর্ণিজাদু দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করেছে। মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট নিয়েছেন। টেস্টে এই নিয়ে ১৪ বারের মতো ইনিংসে ফাইফার নিয়েছেন। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট। নাহিদ রানা পেয়েছেন এক উইকেট। কত রান নিরাপদ, সে ব্যাপারে স্পষ্ট কিছু গতকাল বলতে পারেননি মিরাজ। এখন ম্যাচের ফল কী হয়, সেটা জানতে কাল চোখ রাখতে হবে মিরপুরে।