মিরপুর থেকে চট্টগ্রাম—বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু বদলেছে। কিন্তু গ্যালারি খাঁ খাঁ করছে। ক্যামেরার লেন্স যতবারই স্টেডিয়ামের গ্যালারিতে তাক করা হয়, হাতেগোণা কয়েক জন দর্শকই চোখে পড়ে। দর্শকখরা কাটাতে এবার টিকিটের দাম কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। একই মাঠে হবে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের দুটি ম্যাচের টিকিটের দাম আজ প্রকাশ করেছে বিসিবি। গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব, গ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিম, রুফটপ পূর্ব প্যাভিলিয়ন প্রান্ত, রুফটপ পশ্চিম প্যাভিলিয়ন প্রান্ত— এই চার অংশের টিকিটের দাম সর্বোচ্চ ১৫০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। পশ্চিম ও পূর্ব গ্যালারির টিকিটের দাম ২৫০ ও ১৫০ টাকা।
দিবারাত্রির ম্যাচ হলে হয়তো ভিন্ন চিত্র দেখা যেত। কিন্তু বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ হচ্ছে দিনের আলোয়। প্রচণ্ড গরমে মাঠে গিয়ে খেলা দেখতে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের টিকিটের দামের সঙ্গে তুলনা করলেই বোঝা যাবে, দাম কতটা কমানো হয়েছে টি-টোয়েন্টি সিরিজের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব, গ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিম, রুফটপ পূর্ব প্যাভিলিয়ন প্রান্ত, রুফটপ পশ্চিম প্যাভিলিয়ন প্রান্ত— চট্টগ্রামে ওয়ানডেতে এই চার অংশের টিকিটের দাম ছিল সর্বোচ্চ ২৫০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ৬০০ টাকা। ৩০০ ও ২০০ টাকা ছিল পশ্চিম ও পূর্ব গ্যালারির টিকিটের দাম।
অথচ টি-টোয়েন্টিতে টিকিটের দাম বেশি হওয়ার কথা ছিল। চার-ছক্কার বন্যা দেখতেই গ্যালারিতে দর্শক সংখ্যা তুলনামূলক বেশি থাকে। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের শেষটা মিরপুরেই হচ্ছে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম দুই টি-টোয়েন্টি। শেষ টি-টোয়েন্টি ২ মে হবে মিরপুরে।
গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব ১৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিম ১৫০০ টাকা
রুফটপ পূর্ব প্যাভিলিয়ন প্রান্ত ১৫০০ টাকা
রুফটপ পশ্চিম প্যাভিলিয়ন প্রান্ত ১৫০০ টাকা
শহীদ শ্রাবণ স্ট্যান্ড ৫০০ টাকা
পশ্চিম গ্যালারি ২৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৫০০ টাকা
পূর্ব গ্যালারি ১৫০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব ২৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিম ২৫০০ টাকা
রুফটপ পূর্ব প্যাভিলিয়ন প্রান্ত ২৫০০ টাকা
রুফটপ পশ্চিম প্যাভিলিয়ন প্রান্ত ২৫০০ টাকা
শহীদ শ্রাবণ স্ট্যান্ড ৬০০ টাকা
পশ্চিম গ্যালারি ৩০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা
পূর্ব গ্যালারি ২০০ টাকা