গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যাটারদের সামনে হাসান যেন বিভীষিকা। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাব।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির কারণে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না কেন্ট। আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। কেন্ট আজ নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে যে এ ব্যাপারে তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগেই আলাপ-আলোচনা হয়েছে। ক্লাবটির ক্রিকেট পরিচালক সাইমন কুক বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ অংশ গুরুত্বপূর্ণ। হাসানকে এ সময় না পাওয়ায় হতাশ।’
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ভাইটালিটি ব্লাস্ট মিলিয়ে কেন্টের জার্সিতে সাত ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন হাসান। তাঁর অনবদ্য পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে কুকের মুখে। কাউন্টি ক্লাবটির ক্রিকেট পরিচালক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটাকে আমরা সম্মান করি। হাসানের জন্য শুভকামনা।’
হাসানকে না পেলেও বাংলাদেশের আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদকে পাচ্ছে কেন্ট। কাউন্টি ক্লাবের হয়ে অভিষেকে নিয়েছেন ৩ উইকেট। যদিও হাসান-খালেদের দল ডার্বিশায়ারের কাছে হেরেছে ১৮১ রানে। কেন্টের ক্রিকেট পরিচালক কুক বলেন, ‘তাকে (হাসান) না পাওয়া আমাদের জন্য বড় ক্ষতি হবে। তবে গ্রীষ্মের শেষ দুই ম্যাচে আমাদের অন্য দুই বিদেশি বোলার কিথ ডাজন, খালেদ আহমেদ থাকছে।’
১২ ম্যাচে ১৭৩ পয়েন্ট নিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুয়ের পয়েন্ট টেবিলের তিনে কেন্ট। এক ও দুইয়ে থাকা ডারহাম ও নর্দাম্পটনশায়ারের পয়েন্ট ২৩০ ও ১৭৫। এই দুই দলও খেলেছে ১২টি করে ম্যাচ। আর কেন্টের হয়ে ৩০ উইকেটের ২৬টিই হাসান পেয়েছেন চার দিনের ম্যাচে। আগামীকাল শুরু হবে কেন্ট-ল্যাঙ্কাশায়ার ম্যাচ। এরপর ২৪ সেপ্টেম্বর গ্লুকেস্টারশায়ারের বিপক্ষে খেলতে নামবে কেন্ট।