আজ থেকে ঠিক আট বছর আগে দক্ষিণ আফ্রিকার গেবেখা (তৎকালীন পোর্ট এলিজাবেথ) টেস্টের আগে অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের ঘটনা সাবেক ক্রিকেটার উসমান খাজার ‘সবর’ নামে আত্মজীবনীতে এক মন্তব্যের পর আবারও আলোচনায় এসেছে। খাজার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।
২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তকে ‘ত্রুটিপূর্ণ ও তাড়াহুড়ো করে সম্পন্ন করা’ বলে অভিহিত করেন ওয়ার্নার। নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, খাজা তাঁর বইয়ে যা লিখেছেন, তার সবকিছুই ১০০ শতাংশ সঠিক। একই সঙ্গে তিনি এ ঘটনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
খাজা তাঁর আত্মজীবনীতে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা এবং এতে অস্ট্রেলিয়া দলের আরও সদস্যদের সম্পৃক্ততা ও অবগত থাকার বিষয়টি তুলে ধরেছেন। বইটি আগামী মঙ্গলবার প্রকাশিত হওয়ার কথা। বইটি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশের তিন দিন পর নেপাল থেকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন ওয়ার্নার। বর্তমানে তিনি নেপাল প্রিমিয়ার লিগে খেলতে সেখানে অবস্থান করছেন।
খাজা তাঁর বইয়ে জানিয়েছেন, কেপটাউন টেস্টের আগের টেস্টে দক্ষিণ আফ্রিকার গকেবেরহায় (তৎকালীন পোর্ট এলিজাবেথ) অস্ট্রেলিয়া ক্রিকেট বলে স্যান্ডপেপার ব্যবহার করেছিল। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে শুধু শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়রাই জানতেন না, দলের অন্য সদস্যরাও এ বিষয়ে অবগত ছিলেন। তিনি বারবার পুরো দলকে সম্মিলিতভাবে এই ঘটনার দায়ভার গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। এ ছাড়া, ঘটনার বিস্তারিত জানা থাকা সত্ত্বেও তদন্তের সময় তাঁকে কখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেও দাবি করেছেন খাজা।
নিউল্যান্ডসে হওয়া ওই টেস্টের পর শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের একজন ছিলেন ওয়ার্নার। অন্য দুজন হলেন স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ওয়ার্নারকে ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁকে আজীবনের জন্য নেতৃত্বের পদ থেকে নিষিদ্ধ করা হয়, যদিও ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
এ ঘটনা নিয়ে ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে ওয়ার্নার বলেন, ‘এই বিষয়টি নিয়ে কথা না বলার আট বছর হয়ে গেছে। উসমান খাজা, আমি তোমার পাশে সম্পূর্ণভাবে আছি। তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ, তা ১০০ শতাংশ সঠিক।’
ওয়ার্নার আরও বলেন, ‘এখন সবাই সত্যটা জানে। বিষয়টি প্রকাশ্যে এসেছে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল, তুমি সামনে এসে তা বলেছ। এখন অনেকে প্রশ্ন করছে, আট বছর পর কেন এসব কথা বলা হচ্ছে, বই বিক্রির জন্য কি না। কিন্তু এটি উসমানের গল্প, এটি উসমানের বিশ্বাস। উজি সেদিনের প্রতিটি ঘটনা লিখে রেখেছিল। উজি, তোমাকে ধন্যবাদ।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তপ্রক্রিয়া নিয়ে ওয়ার্নার বলেন, ‘পুরো সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়ো করে করা এবং ত্রুটিপূর্ণ। উজি ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসেছিল। অথচ তাকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। তাহলে এটিকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমাকে বিস্মিত করে। আমরা এখানে কাউকে আঙুল তুলে দোষারোপ করতে আসিনি কিংবা পুরোনো ক্ষত আবার খুলতে চাই না। বিষয়টি হলো জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সত্যকে যথাযথভাবে খতিয়ে দেখা। সম্ভবত এখন সময় এসেছে ব্যক্তিকে বারবার প্রশ্নবিদ্ধ না করে, তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছেই জবাবদিহিতা চাওয়ার।’
গণমাধ্যমের ভূমিকা নিয়ে ওয়ার্নার বলেন, ‘গত আট বছরে গণমাধ্যমে অনেকের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য ও ভুল তথ্য প্রকাশিত হয়েছে। আবার অনেকেই এ বিষয়ে নীরব থেকেছেন।’
প্রতিক্রিয়া জানাতে তাঁর কয়েক দিন সময় লেগেছে বলেও জানান ওয়ার্নার। কারণ, ২০১৮ সালের ঘটনাটি এবং সে সময় প্রকাশ্যে আসা ছবিগুলো সম্পর্কে তিনি নিজের সন্তানদের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন।
ওয়ার্নার বলেন, ‘এটা করা আমার জন্য কঠিন ছিল। তবে আমি তাদের একটি কথাই বলেছি–মেয়েরা, সব সময় সত্য কথা বলবে। কারণ মিথ্যা একদিন না একদিন প্রকাশ্যে আসবেই।’