হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেটে এটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর লড়াইও

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জয় শাহ ও মহসিন নাকভির মধ্যে চলছে ‘যুদ্ধ’। ছবি: সংগৃহীত

খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক না—এমন কথা শোনা যায় হরহামেশাই। কিন্তু আসলেই কি তা হয়? খেলার সঙ্গে নিয়মিতই মিশে যাচ্ছে রাজনীতি। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে উপমহাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ক্রিকেটের মধ্যে রাজনীতি চলছে চরমে। রাজনৈতিক সিদ্ধান্ত ভারত মোস্তাফিজকে বাদ দিল আইপিএল থেকে, সরকারি সিদ্ধান্তে বাংলাদেশ গেল না বিশ্বকাপে। সর্বশেষ ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের।

খেলার মধ্যে ভয়ংকরভাবে রাজনীতি ঢুকে যাওয়া নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে খেলার মধ্যে রাজনীতি ঢুকে যাওয়ার বিষয়টি আলোচনায় মূলত বাংলাদেশ-ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ইস্যু নিয়ে। এই দ্বন্দ্বে সবচেয়ে বড় মুখ—আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

জয় শাহ ভারতের ক্ষমতাসীন দলের প্রভাবশালী রাজনীতিক, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে অন্য দিকে পিসিবি চেয়ারম্যান নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। নাকভি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। ২০২৫ এশিয়া কাপ শুরুর আগে থেকেই জয় শাহ-নাকভির যে ‘যুদ্ধ’ চলছে, তা বর্তমানে জটিল পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। গত বছর এসিসি সভা ঢাকায় হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তুমুল বিরোধিতা করেছিল। সেই সভা বিসিসিআই ভার্চুয়ালি যোগ দিয়েছিল। পরবর্তীতে এশিয়া কাপে যে তিনবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, কোনোবারই দু্‌ই দলের অধিনায়ক ক্রিকেটাররা করমর্দন করেননি। এমনকি গত বছরের ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর সূর্যকুমার যাদব-অভিষেক শর্মা শিরোপা ছাড়া উদ্‌যাপন করেছিলেন। তাঁদের দাবি ছিল, নাকভি মঞ্চে থাকলে তাঁরা (ভারতীয় ক্রিকেটাররা) সেই মঞ্চে দাঁড়াবেন না।

পাকিস্তানের ভারত–ম্যাচ বয়কটে চাপে আইসিসি। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

ভারত গত ৫ মাসে নাকভির কাছ থেকে এশিয়া কাপের শিরোপা নিতে পারেনি ভারত। এশিয়া কাপ ইস্যুর সমাধান না হতেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জটিলতা ভয়াবহ আকার ধারণ করেছে। এ বছরের ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েই মূলত ঘটনার সূত্রপাত। নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সরাতে আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক অনুরোধ করেছিল। শেষ পর্যন্ত বিসিবি-আইসিসি যার যার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের আর বিশ্বকাপ খেলা হচ্ছে না।

বাংলাদেশকে বাদ দিয়ে ২৪ জানুয়ারি আইসিসি স্কটল্যান্ডকে নিয়ে নতুন করে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। বাংলাদেশের সঙ্গে আইসিসি অবিচার করেছে বলে সেদিনই পিসিবি চেয়ারম্যান নাকভি এক সভায় দাবি করেছিলেন। এমনকি সরকারের নির্দেশ পেলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বয়কট করতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান বয়কট করবে বলে পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডল থেকে জানানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। শুধু ভারতের বিপক্ষে ম্যাচই নয়, পাকিস্তান তাদের বিশ্বকাপের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এমনকি ফাইনালে উঠলেও শিরোপা নির্ধারণী ম্যাচ ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পরিবর্তে কলম্বোতে হবে। বিশ্বকাপ শুরু হতে যখন এক সপ্তাহও বাকি নেই, তখন ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বর্জন করায় মহা দুশ্চিন্তায় আইসিসি। তারা নাকি জরুরি বৈঠকও ডেকেছে বলে খবর।

জয় শাহ-নাকভির ‘যুদ্ধে’ এখনো পর্যন্ত পাকিস্তান কিছুটা এগিয়ে। নাকভি বিসিবির সহায়তায় সাফল্যের সঙ্গে এসিসির এজিএম করেছেন ঢাকায়, এশিয়া কাপ আয়োজন করেছেন আরব আমিরাতে। ভারত গো ধরায় শিরোপা নিয়েও চলে গেছেন পাকিস্তানে! সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জয় শাহর ওপর ব্যাপক চাপ তৈরির চেষ্টা করেছে পাকিস্তান। বাংলাদেশ শুরু থেকে যেভাবে ‘ভারতে খেলা অনিরাপদ’ বলেছে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে যাচ্ছে না, তাতে বিসিবির অনেক ক্ষতি হলেও জয় শাহর জন্যও স্বস্তিদায়ক কোনো বিষয় নয় এটি। খোদ ভারতেই আলোচনা আছে, বিশ্বকাপের আগ মুহূর্তে মোস্তাফিজ-কার্ড চাল একেবারেই ভুল হিসাব ছিল বিজেপি-শাসিত ভারতীয় সরকারের। আর এই সুযোগটাই লুফে নিয়েছে পাকিস্তান।

২০৬ ধাপ এগোলেন মারুফা, নাহিদা-স্বর্ণাদেরও উন্নতি

‘পাকিস্তানকে হারানো আর কোনো পুঁচকে দলকে হারানো, ভারতের কাছে সবই এক’

বিশ্বকাপ থেকে বাদ পড়ে আইপিএলের দিকে তাকিয়ে কামিন্স

বিশ্বকাপের আগমুহূর্তে একের পর এক ধাক্কা খাচ্ছে অস্ট্রেলিয়া

কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি

‘পাকিস্তান নিজেদের ক্রিকেটারদের সঙ্গে অবিচার করছে’

লিটনদের কথা ভেবে খারাপ লাগছে জ্যোতির

বাংলাদেশ না এলে বিশ্বকাপ বন্ধ হবে না, মনে করেন হরভজন

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে কী পেল বিসিবি

‘বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান’