বল জাস্টিন গ্রিভসের পায়ে লাগতেই নাঈম হাসানের জোরালো আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার। ক্যারিবীয় সেট ব্যাটার ফিরতেই আজ তৃতীয় দিনের লাঞ্চ ঘোষণা করা হয়। এখনো সফরকারীরা বাংলাদেশের চেয়ে পিছিয়ে ৫৯ রানে।
টেস্ট ম্যাচ অবশ্য এমনই। কোনো নির্দিষ্ট দলের একতরফা আধিপত্য সাদা পোশাকের ক্রিকেটে খুব কমই দেখা যায়। মিরপুর শেরেবাংলায় চলমান প্রথম টেস্টের কথাই ধরা যাক। স্কোরকার্ডে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও স্বাগতিকদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। আজ তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৭৪.৫ ওভারে ৬ উইকেটে ২১৩ রান করেছে উইন্ডিজ।
প্রথম ইনিংসে ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান করে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের খেলা শুরুর ৬২ বলে উইকেটের দেখা পায় বাংলাদেশ। মাটি আঁকড়ে পড়ে থাকা তেজনারায়ণ চন্দরপলকে ফেরান শরীফুল ইসলাম। ৫৯তম ওভারের তৃতীয় বলে শরীফুলকে খোঁচা দিতে গিয়ে চন্দরপল দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন।
১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রানে আউট হয়েছেন চন্দরপল। অধিনায়ক রস্টন চেজ ও গ্রিভস ধীরস্থির ব্যাটিং করতে থাকেন। লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজের সাত উইকেটই পড়তে পারত। ৭৩তম ওভারের চতুর্থ বলে নাঈমকে গ্ল্যান্স করতে যান চেজ। শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মুমিনুল হক ডান দিকে ঝাঁপালেও নাগাল পাননি। চেজের রান তখন ২৮। উইন্ডিজ ষষ্ঠ উইকেট হারাতে পারত ২১০ রানে।
এক ওভার বিরতিতে নাঈম বোলিংয়ে এসে উইকেটের দেখা পেয়েছেন। ফিফটির পথে থাকা গ্রিভসকে এলবিডব্লউ করেন নাঈম। ১০৩ বলে ২ চারে ৪৬ রান করেন গ্রিভস। তাতে ভেঙে যায় ষষ্ঠ উইকেটে গ্রিভস-চেজের ৯৯ বলে ৫১ রানের জুটি। উইন্ডিজ অধিনায়ক ৩০ রানে ব্যাটিং করছেন।