হোম > খেলা > ক্রিকেট

চার দিনের মধ্যে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড লঙ্কান ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন দাসুন শানাকা। ছবি: ক্রিকইনফো

সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস-সেন্ট লুসিয়া কিংস নাকি দাসুন শানাকা-সেন্ট লুসিয়া কিংস—আজ ভোরে গ্রস আইলেটে অনুষ্ঠিত ম্যাচটিকে চাইলে যেকোনো কিছুই বলা যায়। এক শানাকার রানই তো পুরো সেন্ট লুসিয়া মিলে করতে পারেনি। লঙ্কান এই ক্রিকেটারের রেকর্ড গড়ার দিনে গ্রস আইলেটে স্বাগতিক কিংস হেরেছে বাজেভাবে।

ঝোড়ো সেঞ্চুরিতে মাত্র চার দিনের ব্যবধানে আজ রেকর্ডটা নিজের করে নিলেন শানাকা। গত ৩১ আগস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন শিমরন হেটমায়ার। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) ইতিহাসে এটা যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির কীর্তি। আন্দ্রে রাসেল, টিম সাইফার্টও এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। বাংলাদেশ সময় আজ ভোরে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে সেন্ট কিটস এন্ড নেভিসের হয়ে ৩৯ বলে সেঞ্চুরি করে সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন শানাকা।

টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। যার মধ্যে শানাকার ব্যাট থেকেই আসে ১২১ রান। চার নম্বরে নেমে ৪৩ বলে ৮ চার ও ১২ ছক্কায় ১২১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে লঙ্কান ব্যাটারের চেয়ে ২৩ রান কম করেছে সেন্ট লুসিয়া কিংস। ২৩৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৮ রানে গুটিয়ে গেছে রস্টন চেজের নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া।

শানাকার সেঞ্চুরির দিনে ফিফটি করেছেন আন্দ্রে ফ্লেচার।

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে দ্রুততম পাঁচ সেঞ্চুরি বল ক্রিকেটার দল প্রতিপক্ষ সাল ৩৯ দাসুন শানাকা সেন্ট কিটস এন্ড নেভিস সেন্ট লুসিয়া কিংস ২০২৬ ৪০ আন্দ্রে রাসেল জ্যামাইকা তালাওয়াস ত্রিনবাগো নাইট রাইডার্স ২০১৮ ৪০ টিম সাইফার্ট সেন্ট লুসিয়া কিংস অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস ২০২৫ ৪০ শিমরন হেটমায়ার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ত্রিনবাগো নাইট রাইডার্স ২০২৬ ৪১ শাই হোপ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বার্বাডোস রয়্যালস ২০২৩