দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল। দেশ ছাড়ার আগে অজিদের বিপক্ষে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শান্ত।
নিজের ফেরিফাইড ফেসবুক পেজে শান্ত লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছি। দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে আছি। সবাই আমার এবং বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন।’
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে সবশেষ ২০০৩ সালে তাসমান পাড়ের দেশটিতে লাল বলের ক্রিকেট খেলেছে দলটি। সফরে পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন দলের সেরা পেসার নাহিদ রানা। একই কারণে প্রথম টেস্টের দলে নেই লিটন দাস ও শরীফুল ইসলাম। তবে দ্বিতীয় ম্যাচে তাঁদের ফেরার ব্যাপের আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ দলে চোট হানা দিলেও আসন্ন সিরিজের জন্য শক্তিশালী দলই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচকেরা।
আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ২২ দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে দু্ই দল। ম্যাচটির ভেন্যু ম্যাকাই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, অমিত হাসান, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান।