হোম > খেলা > ক্রিকেট

ফাইনাল খেলাই বাংলাদেশের লক্ষ্য

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ছবি: বিসিবি

জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমস এরই মধ্যে শুরু হয়ে গেছে। মেয়েদের ক্রিকেটও শেষ। কিন্তু ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট এখনো শুরু হয়নি। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এশিয়ান গেমস শুরুর আগে নিজেদের আশাবাদ ব্যক্ত করেছেন। টুর্নামেন্টের ফাইনালে ওঠাই তাঁর লক্ষ্য।

জাপানে উড়াল দেওয়ার আগে নিজেরা ‘এ’ দল, ‘বি’ দলে ভাগাভাগি হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছেন লিটন-সাইফ হাসান-তানজিদ হাসান তামিমরা। আজ প্রস্তুতি ম্যাচ শেষে এশিয়ান গেমসের দলের প্রতিনিধি হিসেবে আসেন লিটন। তাঁর কাছে জিজ্ঞেস করা হয়েছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কথাও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধিনায়ক বলেন, ‘দেখুন, অলিম্পিক কে না খেলতে চায়? তবে প্রথমত আমরা যে ইভেন্টের (এশিয়ান গেমস) জন্য যাচ্ছি, আমরা যদি এই ইভেন্টটা ভালো খেলি, আমার মতে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারব। লক্ষ্য হচ্ছে যে এই ইভেন্টে আমরা কীভাবে ভালো খেলতে পারি।’

পরবর্তী অলিম্পিক হবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে। এই অলিম্পিক দিয়েই ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। তবে সেখানে সুযোগ পাওয়া অতটাও সহজ নয়। কারণ, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের প্রথম ছয় দল অংশ নেবে অলিম্পিক ক্রিকেটে। ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে আট নম্বরে। ভারত-ইংল্যান্ড দুই দলেরই রেটিং ২৬৯ হলেও ভগ্নাংশের কারণে ভারত শীর্ষে। দুইয়ে ইংল্যান্ড। তিন, চার, পাঁচ ও ছয়ে থাকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের রেটিং পয়েন্ট ২৬০, ২৪৭, ২৪৩ ও ২৪০।

অলিম্পিকে খেলা নিয়ে ভাবছেন লিটনও। তবে আপাতত এশিয়ান গেমসের ফাইনালকেই ‘টার্গেট’ করেছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যে জিনিসটা বললাম যে আমরা কীভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি। কারণ, ফাইনাল খেললে আপনার একটা সুযোগ থাকবে সোনা জেতার। তার আগে তো ফাইনাল পর্যন্ত যেতে হবে। ক্রিকেটের যে জিনিসটা বলি ম্যাচ ধরে ধরে। আমরা সেভাবেই এগোচ্ছি এবং সবচেয়ে বড় টার্গেট হচ্ছে সেটা।’

নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ২৯ সেপ্টেম্বর খেলতে নামবেন লিটনরা। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে।

ক্রিকেটে সর্বপ্রথম বাংলাদেশ স্বর্ণপদক পেয়েছে ২০১০ সালে। সেবার আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। ১৬ বছর পর লিটন- নাজমুল হোসেন শান্তদের সামনে রয়েছে হারানো গৌরব পুনরুদ্ধারের সুযোগ। নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে।