অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে যেটাকে যথেষ্ট মনে করছেন না দলটির সাবেক প্রধান কোচ ডেভ হোয়াটমোর। তাঁর মতে, আরও একটি প্রস্তুতি ম্যাচ থাকলে সফরকারীদের জন্য ভালো হতো।
তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস এবং ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। সোয়া দুই দিনে শেষ হওয়া ম্যাচটার দ্বিতীয় ইনিংসে বড় লজ্জাই পেয়েছে অতিথিরা; অলআউট হয়েছে মাত্র ৫৪ রানে। এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে (১০৯*) ২৬৩ রানে থামে বাংলাদেশ।
এমন বাজে প্রস্তুতি নিয়েই এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে।
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে মালয়েশিয়া ক্রিকেট দল। সে দলের প্রধান কোচ হিসেবে সফরে এসেছেন হোয়াটমোর। অনুশীলনের ফাঁকে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই কথা বলেছেন বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর নিয়ে। একমাত্র প্রস্তুতি ম্যাচের সব তথ্য জানা আছে এই কোচের।
হোয়াটমোর বলেন, ‘প্রথম ইনিংসে মিরাজ খুব ভালো করেছে। সে সেঞ্চুরি করেছে। এসব কন্ডিশনে যত বেশি খেলার সুযোগ পাবেন, ততই ভালো করার সম্ভাবনা বাড়বে। আরও বেশি অনুশীলন দরকার। যদি আরও একটি প্রস্তুতি ম্যাচ থাকত, তাহলে ভালো হতো। তারা নিশ্চয়ই ভালোভাবে প্রস্তুতি নেবে, যাতে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে ভালোভাবে মোকাবিলা করতে পারে।’
সিরিজে স্পষ্টভাবে ফেবারিট অস্ট্রেলিয়া। ভয়ঙ্কর সব পেস বোলারদের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ শক্তিশালী স্বাগতিকেরা। এরপরও হোয়াটমোরের বিশ্বাস, অজিদের সঙ্গে লড়াই করবে বাংলাদেশ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই বেশ আশাবাদী যে তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের মতো করে নয় (হাসি)।’