ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাড়ি কাড়ি অর্থের কথা ভেবে জাতীয় দল ছাড়ার নজির অসংখ্য আছে। বিশেষ করে টেস্টের প্রসঙ্গ এলে তো আইপিএলকেই প্রাধান্য দিয়ে থাকেন ক্রিকেটাররা। সেদিক থেকে ব্যতিক্রম বেন ডাকেট। টেস্টের কথা ভেবে আইপিএল ছাড়লেন এই ইংলিশ ক্রিকেটার।
সবশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। সে সিরিজে ব্যাট হাতে ২০২ রান করেন ডাকেট। এই সংস্করণে নিজের উন্নতির জন্য আইপিএল থেকে সরে নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি। এর আগে কখনো আইপিএল খেলা হয়নি ডাকেটের। গত ডিসেম্বরের আইপিএলের নিলাম থেকে তাঁকে দুই কোটি রুপিতে দলে টানে দিল্লি ক্যাপিটালস। টেস্টের কথা ভেবে প্রথমবার আইপিএল খেলার সুযোগ হাতছাড়া করলেন এই ব্যাটার।
ইংলিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে ডাকেট বলেন, ‘আমার জন্য এটা (আইপিএল ছাড়া) কঠিন সিদ্ধান্ত ছিল। দিল্লির সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি আইপিএল খেলতে যাব না। নিলামে নাম দেওয়ার সময় মনে হয়েছিল, এটা দারুণ একটা সুযোগ হবে। দিল্লির মতো ফ্র্যাঞ্চাইজি আমাকে নেওয়ায় উচ্ছ্বসিত ছিলাম। বিশ্বের সেরা টুর্নামেন্ট যেখানে সেরা খেলোয়াড়রা খেলে, এখানে খেলাটা অসাধারণ এক অভিজ্ঞতা হতো।’
আইপিএল ছেড়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলাটাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন ডাকেট, ‘জানি না, এই সিদ্ধান্তে কখনো না খেলেই আইপিএলকে চিরতরে বিদায় জানাচ্ছি কি-না। আমার এখন যে বয়স (৩১ বছর), এখানে পুনরায় খেলা কঠিন হতে পারে। তবে আশা করি, কোনো একদিন দিল্লির হয়ে খেলতে পারব। তবে, অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং জানি, আমার ক্যারিয়ারের জন্য এটাই সঠিক।’
ডাকের আরও যোগ করেন, ‘নিজের ইচ্ছায় সিদ্ধান্তটা নিয়েছি। বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় অনেক সময় কাটিয়েছি, তাই ইংল্যান্ডের হয়ে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে এই মুহূর্তে এখানে থেকে শরীর ও মনকে সতেজ করে তোলাই আমার কাছে সেরা সিদ্ধান্ত মনে হয়েছে। তার চেয়েও বড় কথা হলো, নটিংহ্যামশায়ারের হয়ে কিছু চার দিনের ম্যাচ খেলা এবং গত গ্রীষ্মে আমার যে ফর্ম ছিল তা ফিরে পাওয়ার চেষ্টা করা।’