বছরের প্রথম টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় বাংলাদেশ। নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভরা। আসন্ন সিরিজকে সামনে রেখে শিক্ষার্থীদের সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিনামুল্যে গ্যালারিতে বসে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের ম্যাচ দেখতে পারবে শিক্ষার্থীরা; দরকার হবে না টিকিটের। তবে ফ্রিতে গ্যালারিতে বসে ম্যাচ দেখতে চাইলে শিক্ষার্থীদের কিছু নিয়ম মানতে হবে। নিজ নিজ স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রসহ নির্ধারিত ভেন্যুতে হাজির হতে হবে। ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখার সুযোগ পাচ্ছে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।
মূলত মাঠে বেশি দর্শক টানতেই ফ্রিতে গ্যালারিতে বসে ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে। ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ১৬ মে।
বিসিবির দেওয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ ‘আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ উপলক্ষে কনিষ্ঠ ক্রিকেটপ্রেমীদের স্ট্যান্ড ও গ্যালারি থেকে খেলার শ্রেষ্ঠ ফরম্যাট উপভোগ করার জন্য বিশেষ সুযোগ প্রদান করা হচ্ছে। নিজ নিজ স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা নিম্নলিখিত ভেন্যুগুলোর নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।’