হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়া হালকাভাবে নেয়নি’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পাকিস্তানকে মে মাসে ধবলধোলাই করে এভাবেই উদ্‌যাপন করেছিল বাংলাদেশ। এবার শান্তর নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। ছবি: এএফপি

জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে এখন সামনে এগোনোর পালা বাংলাদেশ দলের। আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্য সময় অস্ট্রেলিয়া তুলনামূলক দ্বিতীয় সারির দল দিলেও এবার আর সেটা করেনি। নাজমুল হোসেন শান্তর মতে, অজিরা এবার বাংলাদেশ সিরিজকে অনেক গুরুত্ব দিয়েছে।

অ্যাশেজের পর অস্ট্রেলিয়া নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নদের দেখা যায়নি। এবার বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন তাঁরা (কামিন্স-হ্যাজলউড-লায়ন)। কামিন্স ফিরছেন অধিনায়ক হয়েই। আজ মিরপুরে নতুন কুঁড়ি ক্রিকেট টুর্নামেন্ট শেষে শান্ত যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তাঁকে জিজ্ঞেস করা হয়েছে এই প্রসঙ্গে। উত্তরে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আমি বলব যে, আমরা দল হিসেবে একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি এই টেস্ট দল নিয়ে। কারণ, আপনি যদি প্রতিপক্ষের দলটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে, তারা সিরিজটা হালকাভাবে নেয়নি।’

২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজে তুলনামূলক দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। এই তো গত জুনেও অস্ট্রেলিয়া তুলনামূলক খর্ব শক্তির দল নিয়ে আসে বাংলাদেশে। ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে অজিরা। শান্তর মতে, বাংলাদেশ টেস্ট দল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছে দেখে তারা (অস্ট্রেলিয়া) এই সিরিজটা গুরুত্বসহকারে নিয়েছে। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে চার ম্যাচ খেলে দুটিতে জিতেছে এবং একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। দুটি জয়ই এসেছে ঘরের মাঠে মে মাসে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পেছনে ‘পুরো দল’ হিসেবে যে বাংলাদেশ খেলেছিল, সেখানে শান্তর নেতৃত্বের অসাধারণ অবদান রয়েছে।

তিন বোলার কামিন্স-হ্যাজলউড-লায়নের সঙ্গে ব্যাটিং লাইনআপে আছেন ট্রাভিস হেড-মারনাস লাবুশেনের মতো তারকা ব্যাটাররা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করা এই বাংলাদেশ দলের পক্ষে সম্ভব বলে মনে করেন শান্ত। মিরপুরে আজ নতুন কুঁড়ি ক্রিকেট টুর্নামেন্ট শেষে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘সাধারণত তো বাংলাদেশ ক্রিকেটে আগে আমি কখনো দেখিনি। আমাদের সঙ্গে খেলা পড়লে হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। আমি বলব যে, এটা একটা দল হিসেবে আমাদের দলীয় অর্জন। কারণ, এমন একটা দল তারা দিয়েছে। এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ এ জন্য যে, সেই দলের বিপক্ষে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি।’

নতুন কুঁড়ি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে ২৬ বলে ৭৪ রান করা এক ক্রিকেটারের ঝোড়ো ব্যাটিংয়ে। সেই রাজশাহী এলাকার শান্ত অধিনায়ক হিসেবে জাতীয় দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন। জিতেছেন বিপিএলের শিরোপাও। রাজশাহী থেকে এত ভালো ক্রিকেটার উঠে আসার রহস্য কী—মিরপুরে আজ এই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘আমার মনে হয় যে, রাজশাহী অনেক বছর ধরেই ক্রিকেটের পেছনে খুব ভালোভাবে শ্রম দেয়। অনেক ক্রিকেটার অতীতেও এসেছে এবং ভবিষ্যতেও আসবে, এটা আমি মনে করি। রাজশাহীতে যে রকম সুযোগ-সুবিধা আছে বা যে একাডেমিগুলো আছে, তারা খুব ভালোভাবে কাজ করে এবং সেখান থেকে ক্রিকেটার উঠে আসাই স্বাভাবিক।’

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে লামিনে ইয়ামাল-লিওনেল মেসির ১৯ বছরের পুরোনো এক ছবি ভাইরাল হয়েছে। ২০০৭ সালে শিশু ইয়ামালকে গোসল করিয়েছিলেন মেসি। ১৯ বছর পর নিউজার্সিতে ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ইয়ামালের স্পেন। যদি ইয়ামাল-মেসির মতো ঘটনার পুনরাবৃত্তি হয় অর্থাৎ এখান থেকে কেউ উঠে এসে শান্তর সঙ্গে খেলে, তাহলে কেমন হবে—উত্তরে টেস্ট অধিনায়ক বলেন, ‘অবশ্যই আশা তো করি। এটা খুবই ভালো লাগবে। আমি যেটা বললাম যে, এখান থেকে যদি কিছু ছেলে আসে, সেটা রাজশাহী থেকে হতে পারে, সেটা দেশের যেকোনো জায়গা থেকে হতে পারে, সেটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। সেখানে (রাজশাহী) যদি আরও ভালো সুযোগ-সুবিধা তৈরি করা হয় এবং সুযোগগুলো যদি ছেলেরা পায়, আমার মতে, আরও বড় বড় ক্রিকেটার আসবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে বাংলাদেশ। শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট ম্যাচ শেষ হয়েছে আড়াই দিনে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টি সিরিজের স্কোরলাইন একই হলেও এবারের ফলটা উল্টো। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকে। এই ম্যাচ মাঠে গড়াবে ২২ আগস্ট। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

রানার ঘটনাটা নিছকই একটা দুর্ঘটনা, বলছেন বিসিবি প্রধান নির্বাচক

মোস্তাফিজের পরিবর্তে কাকে নিল ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি

এশিয়ান গেমসে সুখবর পেল বাংলাদেশ

লর্ডসে ১৭ বছরের অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের, মেয়েদেরও আতিথেয়তা দেবে ইংল্যান্ড

ভারত সিরিজে ভরাডুবির পর নেতৃত্ব ছাড়লেন আফগান ক্রিকেটার

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় কী কী যুক্তি দেখাল আইসিসি

জিম্বাবুয়েতে ভরাডুবি হলেও অস্ট্রেলিয়ায় ভালো খেলবে বাংলাদেশ

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ