হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের ক্রিকেটাররা এখন বাংলাদেশে

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। ছবি: বিসিবি

১১ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগে গতকাল বাংলাদেশে এসেছেন পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফরা। ঠিক তার পরের দিন ঢাকায় এসে পৌঁছেছেন শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ রিজওয়ান-সাহিবজাদা ফারহানরা।

ওয়ানডে সিরিজ খেলতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বাংলাদেশে এসেছে পাকিস্তানি ক্রিকেটাররা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আফ্রিদি-ফারহানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের বরণ করার ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিসিবি ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশে স্বাগত। ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান। মিরপুরে হতে যাওয়া ওয়ানডে সিরিজে দুই দলকেই শুভকামনা।’

২৮ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ রানে জিতেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ক্রিকেটাররা এরপর দেশে ফিরলেও কোচিং স্টাফের সদস্যরা শ্রীলঙ্কায় থেকে গিয়েছিলেন। সেখান থেকেই সরাসরি গতকাল ঢাকায় এসে পৌঁছালেন সাদা বলের প্রধান কোচ মাইক হেসন, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলে নফকে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন এবং ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন।

বাংলাদেশ সিরিজের জন্য ৪ মার্চ ১৫ সদস্যের দল দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে প্রস্তুতি নিয়েছিল। ১১, ১৩ ও ১৫ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সব ম্যাচ মিরপুরে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। পাকিস্তান সিরিজের আগে গতকাল বিসিবি একাদশ-বিসিএল অল স্টারস প্রস্তুতি ম্যাচ খেলেছে। বিসিবি একাদশ জিতেছে ৪০ রানে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের কাছে পাকিস্তান সিরিজ গুরুত্বপূর্ণ। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে সেরা নয়ের মধ্যে থাকা দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। ৯ নম্বরের বাইরে থাকা দলগুলোকে বাছাইপর্ব উতড়ে খেলতে হবে বিশ্বকাপে। ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। ১০ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের

অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করা কত বড় অর্জন হবে বাংলাদেশের জন্য

অস্ট্রেলিয়া ম্যাচের আগমুহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

নাঈমের হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবি

হেনস্তার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের লক্ষ্যে যে দল দিল বাংলাদেশ

১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করল মোহামেডান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উইলিয়ামসন