গুজরাট টাইটানসের কাছে পাত্তাই পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। ৮২ রানে হেরে গেছে প্যাট কামিন্সের দল। লজ্জাজনক হারের পর শাস্তিও পেলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক প্যাট কামিন্স। স্লো ওভার রেটের কারণে তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয়েছিল মোট ৩৪.৫ ওভারে। আগে ব্যাট করে হায়দরাবাদ তোলে ১৬৮ রান। তাদের ইনিংসে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় জরিমানা গুনতে হচ্ছে কামিন্সকে। বিবৃতিতে বলা হয়েছে, ‘টাটা আইপিএল ২০২৬-এর ৫৬ নম্বর ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ নির্ধারিত ওভার রেট বজায় রাখতে ব্যর্থ হয়েছে। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারার আওতায় এটি দলটির মৌসুমের প্রথম অপরাধ হওয়ায় অধিনায়ক প্যাট কামিন্সকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’
লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে কাগিসো রাবাদা, জেসন হোল্ডারদের বোলিং তোপে পড়ে মাত্র ৮৬ রানে অলআউট হয় হায়দরাবাদ। সর্বোচ্চ ১৯ রান আসে অধিনায়ক কামিন্সের ব্যাট থেকে। রাবাদা এবং হোল্ডার নেন সমান ৩ উইকেট। হারের পর গুজরাটের দুই বোলারের প্রশংসা করেছেন কামিন্স। তিনি বলেন, ‘উইকেটটা ব্যাক অব লেংথে বল করলে বেশ কঠিন মনে হচ্ছিল। তারা আমাদের খুব একটা রান করার সুযোগ দেয়নি। পরে মনে হয়েছে, হয়তো আমাদেরও একই জায়গায় আরও কিছুক্ষণ বল করা উচিত ছিল।’
গুজরাটের বোলিং আক্রমণকে বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরাগুলোর একটি বলে মনে করেন কামিন্স, ‘সামগ্রিকভাবে দেখলে, টি-টোয়েন্টিতে এর চেয়ে ভালো বোলিং খুব বেশি দেখা যায় না। দ্বিতীয় ইনিংসে তারা সত্যিই দারুণ বোলিং করেছে। ইনিংস শেষে আমরা স্কোর নিয়ে মোটামুটি সন্তুষ্ট ছিলাম, কিন্তু উইকেটটা সহজ ছিল না। তারা পরিস্থিতির সর্বোচ্চ ব্যবহার করেছে। তাদের প্রাপ্য কৃতিত্ব দিতেই হবে।’