দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ হলেও ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম খা খা করছে। মাঠে তেমন দর্শক না হলেও ম্যাচের শেষ পর্যায়ে এসে টেলিভিশন সেটের সামনে ভিড় করতে থাকেন ভক্ত-সমর্থকেরা। এই স্টেডিয়ামে আজ যা ঘটছে, তা চোখ কপালে ওঠার মতোই। ম্যাচের ফল নির্ধারণ করতে দুই বার সুপার ওভারে গেছে ম্যাচ। ১৯ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এবারই ঘটল এমন ঘটনা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রোববার নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মূল ম্যাচে দুই ইনিংস মিলে হয়েছে ৩৭৪ রান। দক্ষিণ আফ্রিকা ১৮৭ রান করার পর আফগানিস্তানও থেমে যায় ১৮৭ রানে।
প্রথম সুপার ওভারে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান করেছে ১৭ রান। লুঙ্গি এনগিদির করা প্রথম দুই বলে চার ও ছক্কা মারেন আজমতউল্লাহ ওমরজাই। সেই ওভারের পঞ্চম বলে আরও এক চার মারেন ওমরজাই। আফগানিস্তানের ১৭ রানের মধ্যে একাই ১৬ রান নিয়েছেন ওমরজাই। এক রান নিয়েছেন গুরবাজ। জবাবে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার প্রথম বলে নেন এক রান। এরপর ফজলহক ফারুকিকে ছক্কা মারেন ডেওয়াল্ড ব্রেভিস। পরের বলে ফের ছক্কা মারতে যান ব্রেভিস। এজ হওয়া বল তালুবন্দী করেন আফগান উইকেটরক্ষক গুরবাজ।
ব্রেভিসের ফেরার পর ত্রিস্তান স্টাবস এসে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে চার মারেন। তাতে ২ বলে ৭ রানের সমীকরণ তৈরি হয় প্রোটিয়াদের সামনে। পঞ্চম বল ফারুকি ডট দিয়েছেন। শেষ বলে স্টাবস তুলে মারেন লং অফের ওপর দিয়ে। সীমানার কাছে দাঁড়িয়ে থাকা আফগান ফিল্ডার লাফিয়েও বলের নাগাল পাননি। তাতে ম্যাচ ফের গড়ায় সুপার ওভারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ডাবল সুপার ওভারের ম্যাচ হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি এর আগে এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালে বেঙ্গালুরুতে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি গড়িয়েছিল ডাবল সুপার ওভারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডাবল সুপার ওভারে গড়ানো ম্যাচ হেরেছিল আফগানরা।