বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের ভিত্তিতে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং জোটসঙ্গীদের অনেকেই জয় পেয়েছেন।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে নির্বাচনের ফলাফল জানতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
এ সময় তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং নয়; দলের পক্ষ থেকে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কথা বলবেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা গত রাত থেকে ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সাথিরা সারা রাত এখানে ছিলেন। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি, কে কত ভোট পেয়েছে, সেটুকু বলা হয়েছে, “বিজয়ী” শব্দটিও উচ্চারণ করা হয়নি। তবে যতটুকু জেনেছি, তাতে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে।’
নজরুল ইসলাম দাবি করেন, এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর দেশের কল্যাণে কাজ করার দায়িত্ব বিএনপি এবং দলের নেতা তারেক রহমানের ওপর অর্পণ করেছে।
হ্যাঁ ভোট প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। ফলাফল মোটামুটি সে রকমই হয়েছে।’
নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘শতভাগ সন্তুষ্টি খুব কঠিন বিষয়। তবে আল্লাহর অসীম মেহেরবানিতে আগের অনেক নির্বাচনের তুলনায় এবার প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কম হয়েছে, রাষ্ট্রীয় সম্পদেরও তেমন ক্ষতি হয়নি, এটি গুরুত্বপূর্ণ।’
নজরুল ইসলাম আরও বলেন, দীর্ঘদিন ভোট না দেওয়ার সংস্কৃতি গড়ে উঠেছিল, সেটি পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। ভবিষ্যতে জনগণকে ভোটকেন্দ্রে আনতে আরও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের আদেশে ঘোষণা না হওয়ার বিষয়ে নজরুল ইসলাম বলেন, আদালত সিদ্ধান্ত দিলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করবে। তবে এই দু-একটি আসন ছাড়াও সরকার গঠনে বিএনপির কোনো অসুবিধা হবে না বলেও মন্তব্য করেন তিনি।