সিডনি একটি নয়নাভিরাম সুন্দর নগরী। এর মূল আকর্ষণের একটি হচ্ছে বিচ বা সমুদ্রসৈকত। অস্ট্রেলিয়ার বিচগুলো পর্যটনের বিশাল সম্ভাবনা পূরণ করে। নিয়মিত যাতায়াত করেন, এমন মানুষের সংখ্যাও অজস্র। তিন মাসের বেশি সময় ধরে শীতকাল চলে এ দেশে। সিডনি শীত থেকে বের হলেই শুরু হয় বসন্তকাল। মূলত তখন সামার বা গ্রীষ্মের শুরু। এই শুরুর সময় থেকে শেষ পর্যন্ত সি-বিচ মানে মানুষের উচ্ছ্বাস আর আনন্দ অবগাহন। কতবার যে গিয়েছি, তার কোনো হিসাব নেই। শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই শামিল এই কাতারে। শুধু সমুদ্র দর্শন বা স্নান করার জন্য যে মানুষ যায় তা নয়, এর বাইরেও কত কিছু ঘটে।
একবার এখানকার বিখ্যাত বন্ডাই বিচে ঘটে অভিনব এক ঘটনা। শরীরের ত্বকের ক্যানসার রৌদ্রময় দেশের এক অনিবার্য বাস্তবতা। এ দেশে এসে আমি দেখেছি, হাজার হাজার মানুষ স্কিন ক্যানসার বা চামড়ার ক্যানসারে ভোগে। যাঁরা অস্ট্রেলিয়া নিয়ে ভাবেন বা জানেন, তাঁদের অজানা নয় যে এ দেশের আদিবাসীরা সব সময় সাদা চন্দনের মতো কিছু একটা মুখে-কপালে ঘষে রাখেন। তাঁদের অ্যাবরজিনাল নামে ডাকা হয়।
সব ভূমি সন্তানেরা এমনি এমনি এমন কিছু ঘষতেন না বা ঘষেন না। তাঁরা মূলত যেসব এলাকায় বা রাজ্যে বসবাস করেন, তার পুরোটা উত্তপ্ত বনভূমি। কোথাও কোথাও গরমের জ্বালায় টেকা দায়। এই প্রচণ্ড গরম আর রোদের আঁচ থেকে বাঁচতে তাঁরা সফেদ প্রলেপ লাগান কপাল ও শরীরে। বলাবাহুল্য, এই প্রাকৃতিক সুরক্ষার বদলে মানুষ এখন ব্যবহার করে সানক্রিম। রোদ এবং ক্যানসার থেকে বাঁচার জন্য কত ক্রিম, কত যে প্রোডাক্ট—এ দেশে না এলে জানা হতো না। কিন্তু সবকিছু ছাপিয়ে বন্ডাই বিচ স্কিন ক্যানসারের বিরুদ্ধে ঘটিয়েছিল এক নতুন ঘটনা। বিচে সমবেত ক্যানসার প্রতিরোধে এগিয়ে আসা সবাই ছিলেন উদার ও খোলামেলা। কারণ, যাঁরা ত্বকের ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এই আয়োজনে অংশ নেন, তাঁরা শরীর প্রায় প্রকাশ্য করে দিয়ে সেখানে সমবেত হন। তাঁদের ফটোশুট করা হয়। এই আয়োজন এ দেশে একেবারে নতুন ছিল। অস্ট্রেলিয়াবাসী উদার না হলে কি আর এ রকম ঘটনা মেনে নিতে পারত?
পৃথিবীর বহু দেশে এমন ঘটে। আমি জানি, আমাদের সমাজে এমন কিছু ভাবাও পাপ। কিন্তু ভাবার অনুরোধ জানাই, কতটা স্বাধীনতা থাকলে বা কতটা উদার হলে একটি সমাজ এমন ঘটনা স্বাভাবিকভাবে নিতে পারে? সত্যি বলতে নগ্নতার প্রতি খোলামেলা সমর্থন না থাকলেও বলব, সবকিছুতে ‘গেল গেল’ রব তোলা আমরা আসলেই কূপমন্ডূক। আমাদের এই পশ্চাৎপদতা কবে দূর হবে কে জানে! বন্ডাই বিচের আয়োজনের কথা শুধু উদারতার উদাহরণ দিতেই বলা হলো।
বলার কারণ হলো আমরা এখন এমন এক সময়ে বসবাস করছি, যখন একদল মানুষ তাদের ধারণা চাপিয়ে দিতে চায়। তারা অন্যের কিছুই মানে না। আগেই বলে রাখি, সব দেশ যার যার মতো নিয়ম আর অনুশাসন মেনে চলে। সৌন্দর্য বিষয়টিও সে রকম। তাহলে আগে আমরা যা করতে অভ্যস্ত ছিলাম, আমাদের জীবনে যা কিছু ছিল ঠিক ও নিয়ম, হঠাৎ সেসব অনিয়ম মনে হওয়ার কারণ কোথায়? সমাজ বা মানুষের জন্যই সবকিছু। সে জায়গায় যখন শাসন আর রাজনীতি মাথার ওপর বসে পড়ে, তাহলে অনেক অঘটনই মানতে হয়। কিন্তু এর বাইরে আমরা যে দৃষ্টিকোণে সবকিছু খোলা আর সঠিক দেখতে পেতাম, আজ তা কোণঠাসা।
মিডিয়া খুললেই আমরা হতাশায় নিমজ্জিত হয়ে পড়ি। চারদিকে শুধু নেতিবাচক খবর। এটা মানি, সামাজিক মিডিয়ার সব সত্যই আসলে সত্য নয়। এর বাইরে বিপুলসংখ্যক মানুষ সুন্দর জীবন যাপন করছে হয়তো। কিন্তু মূল ট্রেন্ড বা ধারা কী বলে? মানুষ চাপে আছে। তার খাবার-দাবার, পোশাক, জীবনধারা সবকিছু চাপে। একদিকে তার জীবনে এসবের কষ্ট, অন্যদিকে সমাজ বা সামাজিক প্রেশার। এই চাপ ধীরে ধীরে চেপে বসেছে। এমনই যে মানুষ স্বাভাবিক বন্ধুত্ব বা মেলামেশাও করতে পারছে না। তাদের বন্ধুত্ব, মেলামেশা এমনকি কথাবার্তাও তোপের মুখে।
এই বিষয়গুলো কারও অজানা নয়। এগুলো আমাদের মনে করিয়ে দেয় একদা আফগানিস্তান বা তেমন দেশের বাস্তবতা। যাদের সবকিছু একসময় প্রাচ্য, পশ্চিমের চোখে ছিল অভিনব। কথা হচ্ছে, আমরা কি পশ্চিমাদের মন ভোলানোর জন্য এসব মানব? অর্থাৎ আমরা উদার হব তাদের মনোরঞ্জনের জন্য? মোটেও তা নয়। আমরা উদার হব, উদার থাকব নিজেদের কারণে। কারণ, আমাদের হাজার বছরের ইতিহাস, জীবনধারা আমাদের উদার রেখেছিল বলেই আমরা একসঙ্গে থাকতে পেরেছি। থাকার ফলে একটি স্বতন্ত্র জন্মভূমির জন্ম দিতে পেরেছিলাম।
কথা ছিল এই দেশ উদার আর সবার জন্য একটি কল্যাণকর রাষ্ট্র হবে। কতটা হয়েছে, কতটা হয়নি, তার হিসাব মেলাবে সময়। কিন্তু আমরা উদারতা ও ধৈর্যের ব্যাপারে পিছিয়ে পড়ছি। যে ঘটনাটা বলে লেখা শুরু করেছি, সেটি একটি সমাজে কিছু মানা না মানার চূড়ান্ত উদাহরণ। এই মান্যতা মানুষকে বড় করে। নতুন প্রজন্মকে আলোড়িত করে। জানান দেয় তার জন্য কোনটা উপকারী।
বাংলাদেশে বা বাঙালির ভেতরে মানা ও জানার যে অদম্য আগ্রহ, তার অজস্র প্রমাণ আর উদাহরণ আমাদের সামনেই আছে। তবু আমরা কেন আজ দ্বিধান্বিত? এই দ্বিধার সীমানা পার হতে হবে। বিশেষ করে তরুণ-তরুণীদের বেলায় ভালোবাসা, উদারতা আর স্বচ্ছতা জরুরি। কীভাবে তা সম্ভব? শালীনতা আর সীমানা আমাদের সম্পদ। আমাদের সম্পদ দেশজ সংস্কৃতি। আমাদের অর্জনের নাম মুক্তিযুদ্ধ। আমাদের মনের টান গান, কবিতা, নাটক ও সাহিত্যে। এসব নিয়ে যত চর্চা হবে, যত কথা হবে, যত পথ খুলবে; তত আমরা জাতি হিসেবে বড় হয়ে উঠব।
সব অন্ধকারের পর এক আলোময় সকাল থাকে। বলা হয় দীর্ঘতম রাতই দিন শুরুর পূর্বাভাস। এই পূর্বাভাস আমাদের জন্য আজ খুব দরকার। মানুষে মানুষে পোশাক, খাদ্য, জীবনযাপন, কথা বা যেকোনো বিষয়ে ভেদাভেদ আর মতান্তরকে সীমিত করে এগোতে হবে। যতটা আমাদের সমাজ নিতে পারে, যতটা নেয়, ততটার ভেতরই আমাদের পথ খুঁজতে হবে। মনে রাখতে হবে, যারা উদারতা ও জীবনকে এক করতে পেরেছে, তারাও একসময় আমাদের মতো বা তার চেয়ে বেশি পিছিয়ে ছিল। আজ পারছে, কারণ, তারা তা জীবনের সঙ্গে জুড়ে নিয়েছে। তাই আমরাও পারব। যদি আমরা তা চাই।
লেখক: অস্ট্রেলিয়াপ্রবাসী কলামিস্ট