হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিতে বিমানবন্দরে হাজারো যাত্রীর ভোগান্তি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: আজকের পত্রিকা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহনে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোয় তাদের ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে বাহরাইন, কুয়েত, দুবাই, কাতার এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসগুলোর বেশির ভাগও ফ্লাইট স্থগিত করেছে।

বিমানবন্দরে আটকা পড়েছেন হাজারো যাত্রী

ফ্লাইট স্থগিত হওয়ার কারণে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী আটকা পড়েছেন। নির্ধারিত সময়ে ফ্লাইট না ছাড়ায় অনেক যাত্রীকে দীর্ঘ সময় ধরে টার্মিনালে অপেক্ষা করতে হয়।

আটকে পড়া যাত্রীদের পরিস্থিতি দেখতে আজ শনিবার সন্ধ্যায় বিমানবন্দরে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি টার্মিনালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষকে যাত্রীদের সহযোগিতা করতে নির্দেশ দেন। প্রয়োজনে যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা, খাবার এবং নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহের নির্দেশনাও দেন।

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: আজকের পত্রিকা

মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট ‘হোল্ড’ রাখা হয়েছে। তিনি বলেন, ‘ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ফ্লাইট (বিজি-৩৪৯) নিরাপত্তাজনিত কারণে মাঝপথ থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।’

ইউএস-বাংলা এয়ারলাইনস–এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে তাদের সব মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজ বর্তমানে গ্রাউন্ডেড রাখা হয়েছে। তিনি জানান, দুবাইয়ে অবস্থানরত একটি ফ্লাইট নিরাপদে সেখানে রয়েছে।

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: আজকের পত্রিকা

যাত্রীদের জন্য নির্দেশনা

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনা, দুবাই, আবুধাবি, শারজাহ ও কুয়েতগামী যাত্রীদের বিমানবন্দরে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছে। যেকোনো তথ্যের জন্য বিমানের কল সেন্টার নম্বর ১৩৬৩৬–এ যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এয়ারলাইনসগুলোর জন্য কিছু নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে, ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য এসএমএস, ই-মেইল বা কল সেন্টারের মাধ্যমে আগেভাগে যাত্রীদের জানানো, বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের সঠিক তথ্য ও দিকনির্দেশনা দেওয়া এবং যাত্রীদের ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইনস অফিসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুন:

১৭ হাজার কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই