হোম > জাতীয়

মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহনমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: আজকের পত্রিকা

আগামী ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ শনিবার দুপুরে প্রথমবারের মতো মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

নৌপরিবহনমন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে এ বন্দরের গুরুত্ব বিবেচনায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দর উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা হবে, যা এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান, যোগাযোগ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম মোংলা বন্দরকেন্দ্রিক করার পরিকল্পনা নিয়েছে সরকার। বন্দরের পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে মোংলা বন্দরও চট্টগ্রাম বন্দরের মতো দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর বন্দরে পরিণত হবে।

শেখ রবিউল আলম জানান, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনায় মোংলা বন্দরকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন পরিলক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, মোংলা বন্দরের সম্ভাবনাকে শতভাগ কাজে লাগিয়ে এটিকে একটি আধুনিক ও সক্ষম বন্দরে রূপান্তর করা হবে।

মোংলা বন্দরের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের বাতিল বা স্থগিত উন্নয়ন চুক্তি পুনরায় চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ সর্বাগ্রে বিবেচনা করে সেসব চুক্তি পুনর্বিবেচনা করা হবে। যেসব চুক্তিতে দেশের ক্ষতি হয়েছে, সেগুলো পুনরায় কার্যকর করার আগে গভীরভাবে মূল্যায়ন করা হবে।

মন্ত্রী আরও জানান, মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে, বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন রেল কোচ ও ইঞ্জিন সংযোজন করে মোংলা-খুলনা রেলপথে একাধিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

ওয়েজ বোর্ড সময়োপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

শহীদদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে: মন্ত্রী শেখ রবিউল আলম

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, নতুন প্রজন্ম শুনছে ভাষার ইতিহাস

কার্যক্রম নিষিদ্ধ: ১২ জেলায় কার্যালয় ঘিরে আ.লীগের ঝটিকা কর্মসূচি

পুলিশে শীর্ষ পদে বদল হতে পারে, ঢালাও বদলি নয়

ভাষার সংরক্ষণ ও বিকাশে চাই আরও উদ্যোগ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন