হোম > জাতীয়

ভোটের সময় সীমিত থাকবে মোবাইল ও আই-ব্যাংকিং

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগের মতো মোবাইল ফোন এবং আই-ব্যাংকিং সম্পূর্ণ বন্ধ না রেখে সীমিত করা হবে। তা কীভাবে করা যায়, সেটি নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া সংসদ নির্বাচনের ভোট, গণভোট ও পোস্টাল ব্যালট মিলিয়ে ব্যালটসংখ্যা বেশি থাকার কারণে এবার ভোট গণনায় বেশি সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সচিব।

ভোট গণনায় সময় বেশি লাগবে জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘এবার ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র। ভোটাররা দুই ব্যালটে ভোট দেবেন। আবার অনেক আসনে পোস্টালের সংখ্যা বেশি আছে। তা ছাড়া, বিদেশের জন্য এক ধরনের, আর দেশের জন্য এক ধরনের পোস্টাল ব্যালট থাকবে। তাই সব মিলিয়ে ভোট গণনায় বেশি সময় লাগবে।’

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে সচিব বলেন, ৮৩ জন বিদেশি পর্যবেক্ষককে নির্বাচন দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩৬ জন আসবেন বলে জানিয়েছেন। এ ছাড়া ৫০ জন বিদেশি সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক নির্বাচনে পর্যবেক্ষণে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

এনআইডি সংগ্রহ নিয়ে হুঁশিয়ারি

আজ এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, নির্বাচনী প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অভিযোগ ইসির নজরে এসেছে। আইন অনুযায়ী, অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না। বিধি অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। ভোটারদের এনআইডি সংগ্রহের অভিযোগের বিষয়ে সচিব বলেন, ‘এনআইডি সংগ্রহের বিষয়টি নজরে আসায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কেউ নিজের এনআইডি অন্যকে দেবেন না। অন্যের এনআইডি কেউ নেবেন না।’

এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখন বলতে পারছি না।’

ইসিতে রুমিন ফারহানা

এদিকে আজ নির্বাচন ভবনে এসে দুই নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন বিএনপির বহিষ্কারকৃত নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। নির্বাহী হাকিমকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমি লিখিত জবাব দিয়েছি। আর আজকে ইসিতেও একটা জবাব দিয়েছি। আমার কাছে মনে হয়েছে, প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা, ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। বিষয়গুলো কমিশনকে জানিয়েছি।’

দ্রুতই শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

দুদক কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত চেয়েছে বাছাই কমিটি, আবেদন যেভাবে

সংসদে কোনো খেলা নাই, গেমও নাই: চিফ হুইপ

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং: চীনা রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন: ১৭ হাজার কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার