হোম > জাতীয়

প্রতিটি উপজেলায় হবে মাল্টিপারপাস পরীক্ষাকেন্দ্র

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: আজকের পত্রিকা

দেশের প্রতিটি উপজেলায় আলাদা মাল্টিপারপাস পরীক্ষাকেন্দ্র করা হবে বলে ডিসি সম্মেলন শেষে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি কওমি মাদ্রাসার সনদের জন্য নীতিমালা, প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগসহ শিক্ষা খাতের সমস্যা ও উত্তরণ নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আজ রোববার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সেশন শেষে মন্ত্রী বলেন, ‘ডিসিরা শিক্ষাপ্রতিষ্ঠানের খেলাধুলার মাঠ না থাকা, পরীক্ষার হলের অপ্রতুলতা নিয়ে কথা বলেছেন। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করব।’

ডিসি সম্মেলনে নির্ধারিত সেশনে শিক্ষা মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের নানা সমস্যার কথা ও তা উত্তরণে পরিকল্পনা-সুপারিশ উঠে এসেছে বলেও জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘উনারা (ডিসি) প্ল্যান দিয়েছেন, জিপিএ-৫ পাওয়ার জন্য গার্ডিয়ান (অভিভাবক) এবং স্টুডেন্ট (শিক্ষার্থী) সকলেই অস্থির হয়ে থাকে; এখান থেকে বেরিয়ে আসা যায় কি না। ক্লাসরুমে হোয়াইট বোর্ড দেওয়া হয়েছে, দুই ফিট বাই তিন ফিট। একটি কলমের দাম ৬০ টাকা, যেখানে ২০ টাকায় এক বক্স চক পাওয়া যেত। এই ৬০ টাকা সেভ করার জন্য অনেকেই ক্লাসরুমে তেমন লেখে না। তাহলে কি আমরা ব্ল্যাকবোর্ডে যেতে পারি না? ডিপেন্ডস। কখনো আমরা পেছনে যাচ্ছি, কখনো আমরা সামনে যাচ্ছি; উনারা যা দেখছেন, তা-ই আমাদেরকে বলেছেন।’

ডিসিরা শিক্ষাকে আনন্দঘন করার সুপারিশ করেছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘উনারা বলেছেন যে, শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, তারা আনন্দঘন স্কুল চায়। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অ্যাজেন্ডার মধ্যে রেখেছেন।’

কওমি মাদ্রাসার জন্য নীতিমালা করার সুপারিশ

ডিসিরা কওমি মাদ্রাসাগুলোর জন্য নীতিমালা করার সুপারিশ করেছেন বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘কওমি মাদ্রাসার প্রতিনিধির সঙ্গে আমরা বসেছি এবং তাদের ইকুভালেন্সি (সমমান) ডিগ্রি যেটা হয়, সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং তারা তাদের প্রস্তাব দেবে যে—কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। এই বিষয়ে আমাদের তাদের সঙ্গে কথা হয়ে গেছে। আমি তিন দফা মিটিং করেছি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে। কিছু কিছু জায়গায় টেকনিক্যাল (কারিগরি) এডুকেশন দিতে হবে। তারা যা চায়, সেটা আমরা করতে রেডি।’

৭৭ হাজার শিক্ষক নিয়োগ

শিগগির এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘প্রাথমিকে সাড়ে ৩২ হাজার হেডমাস্টার (প্রধান শিক্ষক) নিয়োগ মামলার কারণে আটকে আছে। আমাদের এই ডেডলক থেকে বেরিয়ে আসতে হবে। অপর দিকে প্রাথমিকে লাস্ট গভর্নমেন্ট তড়িঘড়ি করে ১৪ হাজার ৩০০ নিয়োগ দিয়েছিল। সেটাকেও আমরা ডিসিপ্লিনে নিয়ে আসতেছি। সেটাকে আমরা আস্তে আস্তে নেব। এরপরেই আবার ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। ৭ হাজার নিয়োগ দিতে হবে আমাদের সরকারি হাই স্কুলগুলোয়।’

নতুন ইলেকট্রিক বাস-ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ডিসিদের কাজের আহ্বান রাষ্ট্রপতির

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ নবনির্বাচিত সদস্য

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোয় সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী

শেষ হলো জাতীয় পিঠা উৎসব

হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বাধ্যতামূলক অবসরে আরও ১৭ পুলিশ কর্মকর্তা

সুপ্রিম কোর্টের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত

অ্যাম্বুলেন্স সংকট ও চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে বললেন ডিসিরা