হোম > অপরাধ

এমপি আনোয়ারুল হত্যায় সন্দেহভাজন সিয়াম নেপালে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার নেপালের পুলিশ তাঁকে আটক করে বলে কাঠমান্ডু পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে। দূতাবাসের কর্মকর্তারা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট এক কর্মকর্তা আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, আনোয়ারুল আজীম হত্যার তদন্ত ও বিচারের মুখোমুখি করতে সিয়ামকে দেশে ফেরাতে এরই মধ্যে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত এমপি আনোয়ারুল আজীম হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন ও আরেক সহযোগী ফয়জুল ওরফে সিয়ামকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার কথা ভারত থেকে ফিরে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। 

তিনি বলেন, ‘আনার হত্যার তদন্তকাজ সফল হয়েছে। যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করতে কলকাতা গিয়েছি, তা পেয়েছি।’ 

আনার হত্যার তদন্ত অনেকটাই এগিয়েছে জানিয়ে হারুন অর রশীদ বলেন, আলামত উদ্ধারসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে। 

১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে ১৩ মে তাঁকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি। ২৬ মে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায়। পরদিন ২৭ মে সকালে মামলার অন্যতম আসামি কসাই জিহাদকে সঙ্গে নিয়ে সঞ্জীবা গার্ডেনসের আলোচিত সেই ফ্ল্যাটে যায় ডিবির ওই দল। এ ছাড়া জিহাদকে নিয়ে বাগজোলা খালের বিভিন্ন স্থান পরিদর্শন করে। পশ্চিমবঙ্গ সিআইডির হেডকোয়ার্টার অবনী ভবনে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গেও একাধিকবার বৈঠক করেন ডিবির প্রতিনিধিরা। 

কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছিল, ২৮ মে সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক ভেঙে মাংসপিণ্ড উদ্ধার করে কলকাতা পুলিশ। এখন পর্যন্ত সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।

আরও পড়ুন:

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী