হোম > জাতীয়

১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দেশের সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (ডে-অফ) প্রত্যাহার করা হয়েছে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক অফ-ডে পুনর্বহাল করা হবে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করতে ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি দেওয়া হবে। সময়ানুবর্তিতা রক্ষায় গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকি বাড়ানো হবে।

দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রেনের শিডিউল অক্ষুণ্ন রাখতে রেলপথে পেট্রোলিং জোরদার করা হবে। রেল সেতুগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে রিলিফ ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।

পণ্যবাহী ট্রেন চলাচলে বিধিনিষেধ

ঈদুল ফিতরের আগে আগামী ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

স্টেশনে কঠোর নিরাপত্তা

ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে পুলিশ (আরএনবি), স্থানীয় পুলিশ–এর সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা থাকবে।

চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলকর্মীদের তৎপরতা বাড়ানো হবে। পাশাপাশি র‍্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টিকিট ইস্যুতে বিশেষ বিধিনিষেধ

টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে বিমানবন্দরমুখী আন্তনগর ট্রেনেও টিকিট ইস্যু বন্ধ থাকবে।

আন্তনগর ট্রেনে চাহিদা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

ঈদের ১০ দিন আগে ও ১০ দিন পরে ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসী বাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম থেকে পরিচালিত হবে।

ঈদে অনলাইন টিকিট বিক্রি ও সূচি

৩ মার্চ থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ১৩ মার্চের টিকিট দেওয়া হবে এবং পর্যায়ক্রমে ১৯ মার্চের টিকিট পাওয়া যাবে। পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী অগ্রিম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ একবার করে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট রিফান্ডযোগ্য নয়।

যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে।

ঈদ ফেরত যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। এদিন ২৩ মার্চের টিকিট দেওয়া হবে এবং পর্যায়ক্রমে ২৯ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি চলবে। ফেরত যাত্রার টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট বিক্রির নামে ফেসবুকে কোনো লিংক পাওয়া গেলে তা জিআরপি ও আরএনবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। যাত্রীদের নিরাপদ, শৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট নকলের অপচেষ্টা, সতর্কবার্তা জারি

পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চাইলেন মির্জা ফখরুল

সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো সাবেক এমপি মিয়া আব্দুল্লাহ ওয়াজেদের জানাজা

বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করছে ইসি

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএমপি কমিশনার

এলএনজি টার্মিনাল মেরামত, গ্যাসের স্বল্প চাপ

ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

এবারের সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

জুলাই সনদ বাতিল চেয়ে রিটের শুনানি ১ মার্চ