দুর্গাপূজার আমেজটাই আলাদা। আর পূজার দিনগুলোতে নিজেকে একটু বেশি সুন্দর দেখাতে কে না চায়! উৎসবের এই দিনগুলোতে অনেকে মেকআপের সাহায্যে ত্বকের খামতি ঢাকার চেষ্টা করেন। কিন্তু কৃত্রিম প্রসাধন ছাড়াই যদি আপনার ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে, তবে কেমন হয়? মেকআপের ভারী পরত না চাপিয়েও পূজার দিনগুলোতে আপনার ত্বক প্রাকৃতিকভাবে জেল্লাদার ও সতেজ দেখাবে। এ জন্য কী করবেন, জেনে নিন এখানে—
ত্বকের যত্নে ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিং অত্যন্ত জরুরি। দিনে অন্তত দুবার মৃদু কোনো ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। এরপর একটি অ্যালকোহলমুক্ত টোনার ব্যবহার করুন, যা ত্বকের পিএইচ মানের ভারসাম্য বজায় রাখবে। সবশেষে আপনার ত্বকের ধরন অনুযায়ী ভালো মানের ময়শ্চারাইজার লাগিয়ে নিন। পূজা আসার আগের এই কয়েকটা দিন নিয়মিত এই রুটিন মানলে ত্বকের খসখসে ভাব দূর হবে।
রাসায়নিক উপাদানযুক্ত ফেসপ্যাকের চেয়ে প্রাকৃতিক উপাদান ত্বকের জন্য বেশি নিরাপদ। ত্বকের ট্যান দূর করতে এবং উজ্জ্বলতা বাড়াতে বেসন, টক দই এবং এক চিমটি হলুদগুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য মধু এবং কলার পেস্ট দারুণ কাজ করে। তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি এবং গোলাপজলের প্যাক অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করবে।
ত্বকের ওপরে জমে থাকা মৃত কোষের কারণে মুখ কালচে ও প্রাণহীন দেখায়। তাই সপ্তাহে অন্তত এক বা দুবার ত্বক স্ক্রাব করা প্রয়োজন। ঘরে থাকা চালের গুঁড়া ও মধু অথবা কফি পাউডার ও নারকেল তেল মিশিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করতে পারেন। এটি ত্বকের রক্তসঞ্চালন বাড়ায় এবং তাৎক্ষণিকভাবে উজ্জ্বলতা এনে দেয়।
ত্বকের আসল ঔজ্জ্বল্য আসে ভেতর থেকে। উৎসবের কেনাকাটার তাড়াহুড়োয় পানি পান করতে ভুলে গেলে চলবে না। দিনে ৮-১০ গ্লাস পানি পান করুন। পানি শরীর থেকে টক্সিন বের করে দেয়। ফলে ত্বক প্রাকৃতিকভাবেই পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। পাশাপাশি ডাবের পানি ও মৌসুমি ফলের রসও পান করতে পারেন।
পূজার মুখে ভাজাভুজি বা অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। ডায়েটে রাখুন সবুজ শাকসবজি, ফল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। একই সঙ্গে প্রতিদিন ৭-৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন ঘুম অত্যন্ত প্রয়োজন। কম ঘুমালে চোখের নিচে কালি বা ডার্ক সার্কেল পড়তে পারে, যা পুরো লুকটাই নষ্ট করে দেয়।
মেঘলা আকাশ হোক বা রোদ, ঘরের বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন দেওয়া বাধ্যতামূলক। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে এবং এটি অকালবার্ধক্যের কারণ। তাই পূজার কেনাকাটায় বেরোনোর অন্তত ২০ মিনিট আগে এসপিএফ ৩০ বা তার বেশি মানের সানস্ক্রিন ব্যবহার করুন।
আজ থেকে এই নিয়মগুলো মেনে চলতে শুরু করুন, দেখবেন পূজার দিনগুলোতে মেকআপ ছাড়াই আপনাকে ঝলমলে দেখাচ্ছে।
সূত্র: ফেমিনা, স্টাইলক্রেজ ও অন্যান্য