হোম > জীবনধারা > জেনে নিন

তবে কি শেষ হয়ে যাচ্ছে সাধারণ চশমার যুগ

সিলভিয়া সামান্থা সেঁজুতি

যে সময়টুকু আমরা মোবাইল ফোনের স্ক্রিন থেকে দূরে থাকতাম, এখন স্মার্ট চশমা বা এয়ারপডের মাধ্যমে সেই সময়টাও প্রযুক্তির দখলে চলে যাবে। ছবি: পেক্সেলস

হাতের স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে এখন আমাদের ঘাড় গুঁজে থাকার অভ্যাস হয়ে গেছে। তবে প্রযুক্তিবিশ্বের শীর্ষস্থানীয় নেতারা এখন সম্পূর্ণ ভিন্ন এক ভবিষ্যৎ দেখছেন। তাঁরা এমন এক পৃথিবী গড়তে চান, যেখানে মানুষকে আর সারাক্ষণ ‘কাচের চারকোনা বাক্সে’র দিকে তাকিয়ে থাকতে হবে না। এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে আমাদের চোখের চশমা ও কানের এয়ারপড। প্রযুক্তি জগতের এই নতুন হাওয়া দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, তবে কি এবার শেষ হতে চলেছে সাধারণ চশমা বা সানগ্লাসের যুগ?

সাম্প্রতিক কিছু প্রযুক্তিগত উদ্ভাবন এই ধারণাকে প্রবল করে তুলছে। যেমন, স্ন্যাপচ্যাট নির্মাতা প্রতিষ্ঠান স্ন্যাপ সম্প্রতি তাদের নতুন এআই-চালিত স্মার্ট চশমা স্পেক্স উন্মোচন করেছে। ২ হাজার ১৯৫ ডলার মূল্যের এই চশমা কোনো মোবাইল ফোন ছাড়াই স্বাধীনভাবে চলতে পারে। এটি চোখের সামনে কৃত্রিম এক পর্দা তৈরি করে। সেই পর্দা আপনার চারপাশের বাস্তব জগতের ওপর ডিজিটাল তথ্য ফুটিয়ে তোলে। একইভাবে মেটা বাজারে এনেছে সাশ্রয়ী মূল্যের স্মার্ট চশমা। আনার পরপরই লাখ লাখ কপি বিক্রি হয়েছে এটি। এমনকি অ্যাপল আগামী বছর এমন এয়ারপডস আনার প্রস্তুতি নিচ্ছে, যাতে থাকবে ইন-বিল্ট ক্যামেরা। এই ক্যামেরা ছবি তোলার জন্য নয়, বরং চারপাশের পরিবেশ দেখে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’কে তথ্য দেবে, যাতে স্ক্রিনের দিকে না তাকিয়ে আপনি সব কাজ করতে পারেন।

এই প্রযুক্তি আমাদের জীবনকে দুইভাবে বদলে দিতে পারে। ইতিবাচক দিক থেকে দেখলে, এটি মানুষের সঙ্গে প্রযুক্তির সম্পর্ক আরও সহজ ও মানবিক করবে। আপনি ফ্রিজ খুললেই চশমা বা এয়ারপডের ক্যামেরা ভেতরের উপাদান দেখে রেসিপি বলে দেবে, পথচলার সময় চোখের সামনে নেভিগেশন ভেসে উঠবে। অর্থাৎ, চারপাশের বাস্তব জগৎ থেকে চোখ না সরিয়েই কম্পিউটারের সব কাজ করা যাবে। তবে এর একটি অন্ধকার দিকও রয়েছে, যা এক নতুন ডিস্টোপিয়া বা দুঃস্বপ্নের জন্ম দিতে পারে। প্রথমত, ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন। স্মার্ট চশমার গোপন ক্যামেরা দিয়ে অজান্তেই অন্যের ছবি বা ভিডিও রেকর্ড করার বিতর্ক এরই মধ্যে শুরু হয়েছে। দ্বিতীয়ত, স্ক্রিন থেকে মুক্তি পাওয়ার বদলে এটি আমাদের আরও বেশি প্রযুক্তিনির্ভর করে তুলতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, স্মার্টফোন সমাজ থেকে এত সহজে হারিয়ে যাবে না। বরং ভয়টা এখানেই, যে সময়টুকু আমরা মোবাইল ফোনের স্ক্রিন থেকে দূরে থাকতাম, এখন স্মার্ট চশমা বা এয়ারপডের মাধ্যমে সেই সময়টাও প্রযুক্তির দখলে চলে যাবে।

নতুন এআই-চালিত স্মার্ট চশমা স্পেক্স কোনো মোবাইল ফোন ছাড়াই স্বাধীনভাবে চলতে পারে। এটি চোখের সামনে কৃত্রিম এক পর্দা তৈরি করে। ছবি: সংগৃহীত

প্রযুক্তিশিল্প আমাদের মাথা উঁচু করে পৃথিবী দেখতে উদ্বুদ্ধ করতে চায়। কিন্তু সাধারণ চশমার দিন শেষ করে এই ‘স্ক্রিনহীন’ চশমা আমাদের জীবনে আশীর্বাদ আনবে, নাকি সার্বক্ষণিক নজরদারির ফাঁদ তৈরি করবে, তা সময়ই বলে দেবে।

সূত্র: বিবিসি

হেমন্তে বারান্দা ও ছাদবাগানে গাছের যত্ন যেভাবে নেবেন

গণপরিবহনে অসৌজন্যমূলক আচরণে কোন দেশে কী শাস্তি, জেনে নিন

আজকের রাশিফল: বেশি জ্ঞান দিতে গিয়ে ফেসবুকে ব্লক খাবেন, কঞ্জুস হিসেবে খ্যাতি মিলবে

রং যেভাবে বদলে দেয় আপনার মেজাজ ও ব্যক্তিত্ব

ধনকুবেরদের তালিকায় এগিয়ে কোন দেশ ও শহর

আজকের রাশিফল: ফেসবুকে অযথা তর্কে জড়াবেন না, অন্যকে জ্ঞান দেওয়া বন্ধ করুন

ছুটির দিনে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত আপনজনের মুখে হাসি ফোটাবেন যেভাবে

নতুন নিয়মে ‘কিছু কাজ’ চাপাতে পারবেন না এয়ারবিএনবির বাড়ির মালিকেরা

উৎসবের পর শাড়ি আলমারিতে তুলে রাখার আগে যা করবেন

শীত আসি আসি করছে, ত্বকের যত্ন নিন এখন থেকেই