হোম > জীবনধারা > জেনে নিন

ক্যাপসুল ওয়ার্ডরোব সাজাবেন যেভাবে

ফারিয়া রহমান খান

মডেল: রিতু। ছবি: হাসান রাজা

ফ্যাশন দুনিয়ায় ইদানীং ক্যাপসুল ওয়ার্ডরোব শব্দটি ট্রেন্ডি ও জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যাপসুল ওয়ার্ডরোব হলো, আলমারিভর্তি অপ্রয়োজনীয় ও চকচকে পোশাকের ভিড় না জমিয়ে অল্প কিছু মৌলিক, উচ্চমানের ও দীর্ঘস্থায়ী পোশাক দিয়ে পুরো বছর ঘুরেফিরে নান্দনিক স্টাইলিং করা।

নিখুঁত ফিটিং এবং সঠিক কাটিংয়ের গুরুত্ব

ক্যাপসুল ওয়ার্ডরোবের মূল ভিত্তিই হলো প্রতিটি পোশাকের সুনির্দিষ্ট ও পারফেক্ট ফিটিং। একটি নিখুঁত কাটিংয়ের ব্লেজার বা সুন্দর ফিটিংয়ের কটন প্যান্ট আপনার সাধারণ সাজকেও চোখের পলকে অত্যন্ত অভিজাত ও নান্দনিক রূপ দিতে পারে। তাই নতুন কোনো পোশাক কেনার পর যদি তা কিছুটা ঢিলে বা লম্বা মনে হয়, তবে অবহেলা না করে ভালো দরজি দিয়ে নিজের গায়ের মাপে কাটছাঁট করিয়ে নেওয়া উচিত। পোশাকটি পরতে আরামদায়ক ও নিখুঁত মাপে হলে তবেই সেটি বছরের পর বছর স্বাচ্ছন্দ্যে বারবার ব্যবহার করা সম্ভব হয়।

ক্ল্যাসিক ও মৌলিক পোশাকের বৈচিত্র্যময় সংগ্রহ

একটি আদর্শ ও টেকসই ক্যাপসুল ওয়ার্ডরোব গড়ে তুলতে নির্দিষ্ট কিছু বেসিক বা ক্যাজুয়াল ক্যাটাগরির পোশাক থাকা প্রয়োজন। যেমন একটি সুন্দর কাট ও ম্যাটেরিয়ালের বক্সি অক্সফোর্ড শার্ট, নিখুঁত কাটিংয়ের নীল বা কালো ডেনিম জিনস, যেকোনো পোশাকের ওপর চাপিয়ে নেওয়ার মতো হালকা ব্লেজার বা লং কোট, একটি ঐতিহ্যবাহী সুতি বা জর্জেট শাড়ি এবং সঙ্গে মানানসই নিউট্রাল রঙের লেদার ব্যাগ ও জুতা। এই কয়েকটি কালজয়ী পোশাকের সঙ্গে সহজেই বিভিন্ন স্কার্ফ বা মেটালিক জুয়েলারি মিলিয়ে প্রতিদিন সম্পূর্ণ নতুন নতুন লুক তৈরি করা সম্ভব।

কালার প্যালেট ও ব্যক্তিগত রুচির সঠিক সমন্বয়

ক্যাপসুল ওয়ার্ডরোব মানেই কেবল নিরুত্তাপ সাদা, কালো বা ধূসর রঙের পোশাকে সীমাবদ্ধ থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে মূল বিষয় হলো রংগুলোর মধ্যে পারস্পরিক সামঞ্জস্য বা কম্বিনেশন বজায় রাখা। কেউ যদি লাল, নীল বা অন্য কোনো উজ্জ্বল রঙের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তবে তিনি নিজের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী আলমারি সাজাতে পারেন। আসল বিষয় হলো, আলমারির একটি শার্ট বা টপসের সঙ্গে যেন অন্য যেকোনো ট্রাউজার বা স্কার্ট সহজে মিলিয়ে চমৎকারভাবে পরা করা যায়।

একবারে নয়, ধীরস্থিরভাবে আলমারি সাজানোর অভ্যাস

ক্যাপসুল ওয়ার্ডরোব এক দিনেই হুট করে বা ইমোশনাল শপিং করে তৈরি করা সম্ভব নয়। আলমারি গুছিয়ে তোলার এই প্রক্রিয়াটিতে পর্যাপ্ত সময় দেওয়া অত্যন্ত জরুরি। ফ্যাশনের হুজুগে পড়ে কোনো পোশাক হুট করে না কিনে বেশ কিছুদিন ভেবে দেখতে হবে যে সেটি আপনার প্রতিদিনের জীবনে বাস্তবে কতটুকু কাজে আসবে। ধীরস্থিরভাবে বিচার-বিবেচনা করে উচ্চমানের কাপড় ও নির্ভরযোগ্য ব্র্যান্ডের সর্বজনীন পোশাকে বিনিয়োগ করলে সেই আলমারি দিনের পর দিন টেকসই থাকে এবং অপ্রয়োজনীয় অপচয় রোধ হয়।

ঋতুভিত্তিক ছাড় ও শপিং সুবিধার সদ্ব্যবহার

বুদ্ধিমান ফ্যাশনপ্রেমীরা স্বপ্নের ক্যাপসুল ওয়ার্ডরোব ধীরে ধীরে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন উৎসব বা বিশেষ অফারের সময়গুলোকে বেছে নেন। আন্তর্জাতিক ব্ল্যাক ফ্রাইডে, এন্ড-অফ-সিজন সেল কিংবা উৎসবের বড় ছাড়ের সময়ে সেরা ব্র্যান্ডের ভালো মানের কোট, টেকসই জিনস, চামড়ার ক্লাসিক বুট কিংবা নিত্যদিনের ব্যবহারের বড় টোট ব্যাগ বেশ কম খরচে কিনে নেওয়া যায়। এতে বাজেটের মধ্যে থেকেও প্রিমিয়াম মানের পোশাক সংগ্রহে রাখা অত্যন্ত সহজ ও সাশ্রয়ী হয়।

অপ্রয়োজনীয় পোশাক না জমিয়ে পছন্দের ও নিত্যদিনের পোশাক রাখা পরিবেশবান্ধব ও সাশ্রয়ী। তাই মার্জিত স্টাইল পেতে নিজের ক্যাপসুল ওয়ার্ডরোব গড়ার দিকে মনোযোগ দিন।

সূত্র: ভোগ ও অন্যান্য

পুরুষের জীবনযাপনে যা যোগ করতে হবে

আজকের রাশিফল: কাল্পনিক রাজপুত্রের অপেক্ষা ছাড়ুন, আর্থিক দিক ঝুঁকিপূর্ণ

সানস্ক্রিন ব্যবহারের যেসব ভুলে ক্ষতি হচ্ছে ত্বকের

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন সামিরা খান মাহি—কী আছে তাঁর রূপরুটিনে, জেনে নিন

শৈশবের অনেক স্মৃতিই আমাদের মনে থাকে না কেন

সার্কাডিয়ান ডিপ্রেশন, মন খারাপ নাকি জৈবিক গোলযোগ

পালংশাক খেতে ভালোবাসেন? জেনে নিন পালং পনিরের সহজ রেসিপি

আজকের রাশিফল: মূল্যস্ফীতির চাপে অফিসের কাজে বড় ভুলের আশঙ্কা, সন্দেহবাতিক ভোগাবে

হাত ও পায়ের পাতার একজিমা পমফোলিক্স; প্রাকৃতিক উপায়ে যেভাবে স্বস্তি পাবেন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির সেবাদানকারী পরিবারের সদস্যরা যেভাবে নিজেদের যত্ন নেবেন