জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু প্রকৃতি বা কৃষিতেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে মানুষের ত্বকের ওপরও। তাপমাত্রার ওঠানামা, বায়ুদূষণ, আর্দ্রতা বা শুষ্কতা এবং সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ—সব মিলিয়ে ত্বক প্রতিনিয়ত নতুন ধরনের পরিবেশগত চাপের মুখে পড়ে। ফলে সারা বছর একই ধরনের প্রসাধনী ব্যবহার না করে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে। এ থেকে জনপ্রিয় হচ্ছে ক্লাইমেট-অ্যাডাপটিভ স্কিন কেয়ার বা জলবায়ু-উপযোগী প্রসাধনী।
ক্লাইমেট-অ্যাডাপটিভ স্কিন কেয়ার বলতে এমন প্রসাধনীকে বোঝায়, যেগুলো বিভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে ত্বকের স্বাভাবিক ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে। সাধারণ ময়শ্চারাইজার বা সানস্ক্রিন যেখানে নির্দিষ্ট একটি প্রয়োজন পূরণে বেশি গুরুত্ব দেয়, জলবায়ু-উপযোগী প্রসাধনীর লক্ষ্য সেখানে তুলনামূলক বড়। এগুলো ত্বকের প্রাকৃতিক প্রতিরোধী স্তর শক্তিশালী করা, দূষণ ও অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়া, আর্দ্রতা ধরে রাখা এবং পরিবেশগত কারণে হওয়া অস্বস্তি কমাতে সাহায্য করে। গরম, শুষ্ক, আর্দ্র বা দূষিত পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী ত্বকের প্রয়োজন বুঝে রুটিনে পরিবর্তন আনার ধারণা এখানে মূল বিষয়।
শহরের বাতাসে থাকা ধুলা এবং ক্ষুদ্র দূষণ কণা ত্বকের ওপর জমে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে। এর ফলে ত্বকে জ্বালা, প্রদাহ, অতিরিক্ত তেল, রোমকূপ বন্ধ হয়ে যাওয়া এবং সময়ের সঙ্গে অকালবার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে। বায়ুদূষণের প্রভাব শুধু মুখের ত্বকেই নয়, মাথার ত্বক ও চুলের ওপরও পড়ে। তাপমাত্রার পরিবর্তন ত্বকের জন্য অস্বস্তিকর। অতিরিক্ত গরমে ঘাম ও তেল বেড়ে যায়, আবার শুষ্ক পরিবেশে ত্বক থেকে আর্দ্রতা দ্রুত হারিয়ে যায়। ফলে ত্বক শুষ্ক, সংবেদনশীল বা খসখসে হয়ে যায়। কারও ক্ষেত্রে ব্রণ বাড়তে পারে। এ ছাড়া দীর্ঘ সময় অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকলে ত্বকের ক্ষতি, দাগ ও অকালবার্ধক্যের ঝুঁকি বেড়ে যায়। তাই শুধু গ্রীষ্মকাল নয়, সারা বছর সূর্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
জলবায়ু-উপযোগী প্রসাধনীতে সাধারণত ত্বক সুরক্ষা, আর্দ্রতা ও প্রশান্তি দেওয়ার উপাদান থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা দিতে সাহায্য করে। ভিটামিন ই, উদ্ভিজ্জ নির্যাস ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এ ক্ষেত্রে ব্যবহৃত হয়। ত্বকের প্রাকৃতিক প্রতিরোধী স্তর শক্তিশালী করতে পেপটাইড, ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন ময়শ্চারাইজিং উপাদান ব্যবহার করা হয়। হায়ালুরনিক অ্যাসিড, স্কোয়ালেন, ম্যালো ফুলের নির্যাসের মতো উপাদান ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এ ছাড়া জিংক অক্সাইডের মতো মিনারেল সানস্ক্রিন ফিল্টার অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয়। দূষণ ও অতিরিক্ত তেল জমে রোমকূপ বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কমাতে কিছু পণ্যে কাওলিন ক্লে বা অ্যাকটিভেটেড চারকোলের মতো উপাদান দেখা যায়।
জলবায়ু-উপযোগী স্কিন কেয়ারের গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োজন অনুযায়ী রুটিন বদলানো। গরম ও আর্দ্র আবহাওয়ায় খুব ভারী প্রসাধনী ব্যবহার না করে হালকা ময়শ্চারাইজার বেছে নিন। শীত বা শুষ্ক আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তুলনামূলক ঘন ময়শ্চারাইজার প্রয়োজন হয়। যাঁরা দিনের বড় একটি অংশ শীতাতপনিয়ন্ত্রিত রুমে কাটান এবং পরে গরম ও আর্দ্র পরিবেশে বের হন, তাঁদের ক্ষেত্রেও ত্বকে পরিবর্তন দেখা দেয়। তাই শুধু ঋতু নয়, রূপরুটিন সাজাতে দৈনন্দিন পরিবেশ বিবেচনায় রাখা জরুরি।
প্রথমে ত্বকের প্রধান সমস্যা চিহ্নিত করতে হবে। কারও ক্ষেত্রে বায়ুদূষণ বড় সমস্যা, কারও ক্ষেত্রে অতিরিক্ত রোদ, আবার কারও ত্বকে শুষ্কতা বা আর্দ্রতার প্রভাব বেশি দেখা দিতে পারে। এরপর রুটিনে কয়েকটি মৌলিক বিষয় রাখা যেতে পারে। যেমন ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী হালকা ক্লিনজার, আর্দ্রতা ধরে রাখার ময়শ্চারাইজার ও সানস্ক্রিন। পরিবেশগত চাপ বেশি হলে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত সেরামও ব্যবহার করা যায় ত্বকযত্নে।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্কিন কেয়ারের ধারণা আরও ব্যক্তিনির্ভর হয়ে উঠতে পারে। ভবিষ্যতে স্থানীয় তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুদূষণ ও অতিবেগুনি রশ্মি সূচকের তথ্য ব্যবহার করে ত্বকের জন্য পণ্য বা রুটিনের পরামর্শ দেওয়ার প্রযুক্তি আরও উন্নত হতে পারে। এমনকি স্মার্ট ডিভাইসের মাধ্যমে ত্বকের আর্দ্রতা বা সূর্যের সংস্পর্শ পর্যবেক্ষণের ব্যবস্থাও জনপ্রিয় হতে পারে। ক্লাইমেট-অ্যাডাপটিভ শব্দটি শুনলেই কোনো পণ্য যে স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়ার সঙ্গে নিজের ফর্মুলা বদলে নেয়, এমনটা নয়; বরং পরিবেশগত পরিবর্তনের কথা বিবেচনায় রেখে ত্বকের প্রয়োজন অনুযায়ী সুরক্ষা, আর্দ্রতা ও ব্যারিয়ার সাপোর্ট দেওয়া এই ধারণার মূলে।
সূত্র: টুয়েলভ বিউটি