হোম > জীবনধারা > জেনে নিন

সানস্ক্রিন ব্যবহারের যেসব ভুলে ক্ষতি হচ্ছে ত্বকের

তুষ্টি মনোয়ার

মডেল: জ্যোতি। ছবি: মঞ্জু আলম

সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে ত্বক বাঁচাতে, অকালবার্ধক্য রোধ করতে এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি এড়াতে সানস্ক্রিন ব্যবহারের কোনো বিকল্প নেই। স্কিন কেয়ার রুটিনে একে গুরুত্বপূর্ণ উপাদান মনে করা হয়। কিন্তু নিয়মিত সানস্ক্রিন মাখার পরও কি আপনার ত্বকে রোদে পোড়া ছোপ, পিগমেন্টেশন কিংবা বয়সের ছাপ পড়ছে? কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা জানিয়েছেন, প্রতিদিন নিয়ম করে সানস্ক্রিন মাখলেও ব্যবহারের ক্ষেত্রে ছোট ছোট কিছু ভুলের কারণে এর কার্যকারিতা অনেকটাই কমে যায়। অনেক সময় আমরা মনে করি ত্বক সুরক্ষিত আছে, অথচ ভুল উপায়ে ব্যবহারের ফলে ক্ষতিকর ইউভি রশ্মি ত্বকের গভীরে পৌঁছে স্থায়ী ক্ষতি করে ফেলে। সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে অনেকে যে মারাত্মক ভুলগুলো করেন, সেগুলো হলো—

পরিমাণের চেয়ে কম সানস্ক্রিন ব্যবহার

সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে বড় ভুলটি হয় এর পরিমাণে। বোতলের গায়ে যতই উচ্চমানের এসপিএফ লেখা থাকুক, পরিমাণের চেয়ে কম মাখলে ত্বকে সেই সুরক্ষা পাওয়া যায় না। শোভন সাহা বলেন, ‘মুখ ও ঘাড়ে ব্যবহারের জন্য অন্তত আধা চা-চামচ বা দুই আঙুল পরিমাণ সানস্ক্রিন মাখা প্রয়োজন। কম ব্যবহার করলে সানস্ক্রিনের আসল এসপিএফের গুণমান কমে যায় এবং ত্বক অরক্ষিত থেকে যায়।’

অতি ঝুঁকিপূর্ণ জায়গাগুলো এড়িয়ে যাওয়া

সানস্ক্রিন মাখার সময় আমরা অসাবধানতাবশত শরীরের এমন কিছু অংশ বাদ দিয়ে দিই, যা সরাসরি রোদের সংস্পর্শে আসে। যেমন কানের ওপরের অংশ, সিঁথি, হাতের ওপরের অংশ, ঠোঁট ও চোখের চারপাশ। শোভন সাহার মতে, এসব অংশেই রোদে পোড়া দাগ ও ত্বকের ক্যানসারের প্রাথমিক লক্ষণ সবচেয়ে বেশি দেখা যায়। তাই ঠোঁটের জন্য এসপিএফযুক্ত লিপবাম ও ফাঁকা স্ক্যাল্পে পাউডার বা স্প্রে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

পুনরায় সানস্ক্রিন না লাগানো

অনেকের ধারণা, সকালে একবার সানস্ক্রিন মেখে নিলে তা হয়তো সারা দিন সুরক্ষা দেয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আলো, ঘাম, সাঁতার কাটা, তোয়ালে দিয়ে মুখ মোছা কিংবা ত্বকের সেবাম বা প্রাকৃতিক তেলের কারণে সানস্ক্রিনের কার্যকারিতা দুই ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে যায়।

তাই ঘরের বাইরে থাকলে দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন মাখা অত্যন্ত জরুরি। এ ছাড়া অতিরিক্ত ঘাম হলে বা মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে এটি আবার ব্যবহার করা উচিত। বাইরে থাকার সময় সহজ ব্যবহারের জন্য ব্যাগে সব সময় ট্রাভেল সাইজ সানস্ক্রিন বা সানস্ক্রিন স্টিক রাখতে পারেন।

শুধু মেকআপের এসপিএফের ওপর নির্ভর করা

মেকআপসামগ্রী, যেমন বিবি ক্রিম বা ফাউন্ডেশনে এসপিএফ থাকলেও তা প্রসাধন হিসেবেই কাজ করে, সানস্ক্রিনের আসল বিকল্প হতে পারে না। কারণ প্যাকেটে দাবি করা পূর্ণ সুরক্ষা পেতে হলে অস্বাভাবিক বেশি পুরু করে মেকআপ মাখতে হবে, যা বাস্তবে সম্ভব নয়। তাই প্রথমে ভালো মানের ডেডিকেটেড সানস্ক্রিন মেখে তার ওপর মেকআপের বাড়তি লেয়ার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ বলে মনে করেন শোভন সাহা।

রোদ উঠলেই শুধু সানস্ক্রিন মাখা

মেঘলা দিনে কিংবা ঘরের ভেতরে থাকলে সানস্ক্রিন না মাখার ভুলটি প্রায় সবাই করেন। মনে রাখা প্রয়োজন, মেঘলা দিনেও সূর্যের প্রায় ৮০ শতাংশ ক্ষতিকর ইউভি রশ্মি মেঘ ভেদ করে পৃথিবীতে চলে আসে।

এ ছাড়া ক্ষতিকর ইউভিএ রশ্মি ঘরের জানালা কিংবা গাড়ির কাচ ভেদ করে ভেতরে ঢুকতে সক্ষম। তাই আপনি ঘরের ভেতরে জানালার পাশে বসে কাজ করুন, গাড়ি চালান কিংবা মেঘলা দিনে বাইরে থাকুন—বছরের ৩৬৫ দিনই সকালের স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন রাখা বাধ্যতামূলক।

সানস্ক্রিন শুধু প্রসাধনসামগ্রী নয়, এটি ত্বকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষার হাতিয়ার। প্রতিদিনের রূপচর্চায় এই ছোট ভুলগুলো সংশোধন করে সঠিক নিয়মে সানস্ক্রিন ব্যবহার নিশ্চিত করুন। আপনার সচেতনতা ত্বকের আর্দ্রতা এবং স্বাভাবিক উজ্জ্বলতা দীর্ঘদিন বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করবে।

পুরুষের জীবনযাপনে যা যোগ করতে হবে

ক্যাপসুল ওয়ার্ডরোব সাজাবেন যেভাবে

আজকের রাশিফল: কাল্পনিক রাজপুত্রের অপেক্ষা ছাড়ুন, আর্থিক দিক ঝুঁকিপূর্ণ

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন সামিরা খান মাহি—কী আছে তাঁর রূপরুটিনে, জেনে নিন

শৈশবের অনেক স্মৃতিই আমাদের মনে থাকে না কেন

সার্কাডিয়ান ডিপ্রেশন, মন খারাপ নাকি জৈবিক গোলযোগ

পালংশাক খেতে ভালোবাসেন? জেনে নিন পালং পনিরের সহজ রেসিপি

আজকের রাশিফল: মূল্যস্ফীতির চাপে অফিসের কাজে বড় ভুলের আশঙ্কা, সন্দেহবাতিক ভোগাবে

হাত ও পায়ের পাতার একজিমা পমফোলিক্স; প্রাকৃতিক উপায়ে যেভাবে স্বস্তি পাবেন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির সেবাদানকারী পরিবারের সদস্যরা যেভাবে নিজেদের যত্ন নেবেন