১১ হাজার ৫৫১ মিটার বা প্রায় সাড়ে ১১ কিলোমিটার উচ্চতায় একটি ভাসমান বেলুন থেকে লাফ দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন রুশ ক্রীড়াবিদ সের্গেই বয়তসভ। এর আগে ১০ হাজার ৬০ মিটার উচ্চতা থেকে লাফের যে রেকর্ড ছিল, তা তিনি ভেঙেছেন।
একাধিক বিশ্ব রেকর্ডের অধিকারী সের্গেই বয়তসভ নিজের এই সাফল্য প্রসঙ্গে বলেন, ‘আমরা এমন একটি সাফল্য অর্জন করেছি, যা কিছুদিন আগেও অসম্ভব মনে হতো। সাড়ে ১১ কিলোমিটারের বেশি উচ্চতা থেকে এই রেকর্ড গড়া ফ্রি-ফল শুধু আমার একার চেষ্টার ফল নয়, এর পেছনে প্রকৌশলী, পাইলট এবং পুরো প্রজেক্ট টিমের অক্লান্ত পরিশ্রম রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই রেকর্ড সম্পূর্ণ রাশিয়ায় তৈরি সরঞ্জাম ব্যবহার করে রাশিয়ার মাটিতেই অর্জিত হয়েছে। জাতীয় পতাকা দিবসে এই অর্জন আমার দেশ এবং আন্তর্জাতিক যুব উৎসবকে উৎসর্গ করতে পেরে অত্যন্ত আনন্দিত।’
ফ্রি-ফলের সময় এই অ্যাথলেটের গতিবেগ ঘণ্টায় ৫০০ কিলোমিটার অতিক্রম করেছিল। আকাশে তাঁর পুরো উড্ডয়ন পর্বটি স্থায়ী হয় ৭ মিনিট ১৯ সেকেন্ড। মাটি থেকে ১ হাজার ৫৬৫ মিটার উঁচুতে থাকা অবস্থায় তিনি সফলভাবে প্যারাস্যুট খুলতে সক্ষম হন এবং অলতাই অঞ্চলের উস্ত-কালমানকা জেলায় সফলভাবে অবতরণ করেন। পুরো ইভেন্টটি আন্তর্জাতিক যুব উৎসবের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
হট এয়ার বেলুনটি পরিচালনা করেছিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ও রাশিয়ার বেলুন ফেডারেশনের সভাপতি ইভান মেনিয়াইলো। বেলুনটি সর্বোচ্চ ১১ হাজার ৬১০ মিটার উচ্চতায় পৌঁছায়, যা রাশিয়ার ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালে বিখ্যাত রুশ অভিযাত্রী ফিওদর কোনিউখোভ ও ইভান মেনিয়াইলো ১০ হাজার ৬৭৮ মিটার উচ্চতায় উঠে আগের রেকর্ডটি গড়েছিলেন।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ‘ইয়ুথ অ্যান্ড চিলড্রেন’ জাতীয় প্রকল্পের অধীনে এ বছরের ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ইয়াকাতেরিনবার্গ শহরে আন্তর্জাতিক যুব উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ফলো ইওর ড্রিম’ বা ‘স্বপ্নকে তাড়া করো’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে ১৯১টি দেশ থেকে ১০ হাজার তরুণ নেতা ও প্রতিনিধি অংশ নেবেন।