হোম > বিশ্ব > এশিয়া

কিমের অবকাশকেন্দ্রের কাছে ৫০ মিটার সুইমিংপুলের প্রমোদতরী

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিবিসি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের গ্রীষ্মকালীন অবকাশকেন্দ্রের কাছে ৫০ মিটার দীর্ঘ সুইমিং পুল ও একাধিক ওয়াটার স্লাইডযুক্ত একটি বিলাসবহুল নৌযানের সন্ধান পেয়েছে বিবিসি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ৮০ মিটার (২৬৩ ফুট) দীর্ঘ ওই নৌযানটি চলতি বছরের জুলাই থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান এলাকায় অবস্থান করেছে।

নৌযানটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর ডেকে নির্মিত বিশাল সুইমিং পুল এবং এক প্রান্তে থাকা একাধিক ওয়াটার স্লাইড। কয়েক মাস একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে নিষ্ক্রিয় থাকার পর জুলাইয়ের শুরুতে এটি কালমা উপদ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় স্থানান্তরিত হয়। এলাকাটি ওনসানের কাছে অবস্থিত। সেখানেই কিম জং উন ও তাঁর পরিবারের ব্যবহারের জন্য রয়েছে বিস্তৃত প্রাসাদসদৃশ অবকাশ ভবন।

বিবিসির বিশ্লেষণে কিমের অবকাশকেন্দ্রের আশপাশে আরও তিনটি বড় নৌযানের উপস্থিতি পাওয়া গেছে। এগুলোর দৈর্ঘ্য আনুমানিক ৫০,৫৫ ও ৬০ মিটার। সাবেক উত্তর কোরীয় কর্মকর্তা, দেশত্যাগী নাগরিক এবং বিশেষজ্ঞদের ধারণা, নৌযানগুলো কিম ও তাঁর পরিবারের বিনোদন এবং অবকাশযাপনের কাজে ব্যবহৃত হয়। তবে নৌযানগুলোর মালিকানা উত্তর কোরিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ৩৯ নম্বর দপ্তরের সাবেক কর্মকর্তা রি জং হো জানান, শীতকালে নৌযানগুলো জাহাজ নির্মাণ ও মেরামতকেন্দ্রে রাখা হয়। গ্রীষ্ম এলে সেগুলো কিমের অবকাশ ভবন অথবা কালমা উপকূলের দিকে নিয়ে যাওয়া হয় সাঁতার ও বিনোদনের জন্য।

নৌযানগুলোর সঠিক মূল্য জানা যায়নি। তবে একই ধরনের বিলাসবহুল ইয়টের দাম ১০ কোটি ডলারেরও বেশি হতে পারে। এর আগে কিমের ২৯ মিটার দীর্ঘ একটি প্রিন্সেস ইয়টের আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৭০ লাখ ডলার।

এদিকে, উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র সম্পূর্ণ ভিন্ন। জাতিসংঘের ২০২৫ সালের এক প্রতিবেদনে দেশটিতে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, জোরপূর্বক শ্রম এবং দীর্ঘস্থায়ী খাদ্যসংকটের কথা উল্লেখ করা হয়েছে। দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছেন বলে প্রতিবেদনে অনুমান করা হয়।

উত্তর কোরিয়ায় সাধারণ কর্মী, অফিসকর্মী ও সমবায়ভিত্তিক কৃষকদের বছরে ১৪ দিনের ছুটির অধিকার থাকলেও বাস্তবে তা খুব কমই কার্যকর হয় বলে বিবিসিকে জানিয়েছেন দেশত্যাগীরা। তা ছাড়া নিজ শহর বা জেলার বাইরে যেতে সরকারি অনুমতির প্রয়োজন হয়। ফলে সাধারণ মানুষের কাছে অবকাশযাপন তো দূরের কথা, অবাধে ভ্রমণ করাও কঠিন।

২০২৫ সালের জুলাইয়ে চালু হওয়া ওনসান-কালমা পর্যটনকেন্দ্রে রুশ পর্যটকদের ভ্রমণের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও রুশ সংবাদমাধ্যম। স্থানীয়দের জন্যও কেন্দ্রটি উন্মুক্ত। তবে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয়দের জন্য চার রাতের ভ্রমণ প্যাকেজের মূল্য ছিল প্রায় ১০০ ডলার—যা অধিকাংশ উত্তর কোরীয় নাগরিকের সামর্থ্যের তুলনায় অনেক বেশি।

সাবেক এনবিএ তারকা ডেনিস রডম্যান ২০১৩ সালে উত্তর কোরিয়া সফরের সময় কিমের সঙ্গে ওনসান এলাকায় জেটস্কি চালানো ও ঘোড়ায় চড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিনি প্রায় ৬০ মিটার দীর্ঘ একটি নৌযানের কথাও বলেছিলেন, যদিও সেটি স্যাটেলাইট চিত্রে দেখা নৌযানগুলোর কোনোটি কি না, তা নিশ্চিত নয়।

উত্তর কোরিয়ার সাবেক কর্মকর্তা রি জং হো মত দিয়েছেন—সাধারণ মানুষ যখন দিনে একবেলা খাবার জোগাড় করতে সংগ্রাম করছেন, তখন দেশের নেতার এমন চারটি বিলাসবহুল নৌযান থাকা গভীর বৈপরীত্যের চিত্র তুলে ধরে। অথচ রাষ্ট্রীয় প্রচারণায় কিমকে এমন একজন নেতা হিসেবে উপস্থাপন করা হয়, যিনি সব সময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেন।

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

টোকিওতে গোপন বৈঠকে মিয়ানমার ও যুক্তরাষ্ট্র

১২ বছর অপেক্ষার পর চালু হলো চীন-উত্তর কোরিয়া সংযোগ সেতু

দাবানলে বিপর্যস্ত ইন্দোনেশিয়া, বিষাক্ত ধোঁয়াশা কমাতে শুষ্ক বরফ ছড়ানোর উদ্যোগ

নেপালে ফের বন্যায় পাহাড়ে আটকা ৯ বাংলাদেশিসহ শতাধিক পর্যটক

নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত

রেকর্ডের সর্বোচ্চ তীব্রতায় এল নিনো, শীতজুড়ে থাকার পূর্বাভাস জাপানের

৫০০০ মানুষ নিখোঁজ রেখেই নেপালে উদ্ধারকাজের সমাপ্তি, মৃত্যু সনদ পেতে ভোগান্তিতে পরিবার

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

জনসংখ্যা বেশি দেখাতে আদমশুমারিতে ২০০০ ভুয়া বাসিন্দা, তদন্তের মুখে জাপানের এক শহর