‘লক্ষ, লক্ষ, জনতাকে সাথে নিয়ে হবিগঞ্জে ঢুকে পরলো এনসিপি’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘বাগেরহাটের রাজনীতি’ , ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ , ‘এসো ইসলামী সমাজ গড়ি’, ‘জুলাই যোদ্ধা এ যাত্রায় আমরা থামবো না’ এবং ‘মোহাম্মদ রাকিবুল ইসলাম’ -সহ বেশ কিছু পেজ ও অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে ভিডিওটি প্রচার করা হচ্ছে।
এর মধ্যে ‘মোহাম্মদ রাকিবুল ইসলাম’ নামের অ্যাকাউন্ট থেকে ২৯ জুলাই শেয়ার করা ভিডিওটি ৩০ জুলাই দুপুর পর্যন্ত ২ লাখ ২০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে হাজারের ওপর রিয়েকশন ও শেয়ার হয়েছে।
শেয়ার করা পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ নেটিজেনই ভিডিওটিকে হবিগঞ্জের সাম্প্রতিক ঘটনা বলে বিশ্বাস করছেন।
আলোচিত ২৯ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ‘লড়াই লড়াই লড়াই চাই’, ‘আমার দেশ তোমার দেশ বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে হবিগঞ্জে এমন কোনো ঘটনার কোনো প্রতিবেদন কিংবা কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে বেসরকারি সংবাদ চ্যানেল ‘ডিবিসি নিউজ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে গত ১০ জুলাই শেয়ার করা একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ‘জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, পরেও ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ’ শীর্ষক ওই ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। ডিবিসি নিউজের প্রতিবেদন সূত্রে জানা যায়, এটি মূলত নোয়াখালী সদরের মাইজদীতে আয়োজিত জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির চিত্র।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা টিভি’-র ইউটিউব চ্যানেলেও একই তথ্য ও ভিডিও পাওয়া যায়।
বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধানে জানা যায়, গত ১০ জুলাই প্রকাশিত জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘সমকাল’ -এ একই কর্মসূচির স্থিরচিত্রসহ প্রতিবেদন পাওয়া যায়। প্রকাশিত হয়। সেখানেও স্পষ্ট উল্লেখ রয়েছে যে, পদযাত্রার ঘটনাটি নোয়াখালীর।
যদিও সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে এনসিপির রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও বাকবিতণ্ডার খবর (১, ২, ৩, ৪) এনটিবি পাওয়া গেছে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে হবিগঞ্জে ঢোকার যে দৃশ্যটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন জায়গা ও সময়ের।
‘লক্ষ লক্ষ জনতাকে নিয়ে হবিগঞ্জে ঢুকলো এনসিপি’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি ভুল ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি গত ১০ জুলাই নোয়াখালীর মাইজদীতে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির।