সন্তানের সামনে এক বাবাকে কুপিয়ে হত্যা করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মনির—এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি শিপন ইসলাম, মো: ইয়াসিন খাঁন, Md Efty, লালমাই ছাত্রলীগ -সহ অন্তত ১০টিরও বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, ঘটনাটিকে সত্য মনে করে অনেক ব্যবহারকারী নেতিবাচক মন্তব্য ও পোস্ট শেয়ার করছেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে জাতীয় কোনো গণমাধ্যম কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মনিরের বিরুদ্ধে এমন কোনো ঘটনার প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘Political Times’ নামের একটি ফেসবুক পেজে চলতি বছরের ১২ মে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ওই ১৭ সেকেন্ডের ভিডিওটির প্রথম ৭ সেকেন্ডের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। তবে ওই পেজে বিষয়টিকে চট্টগ্রামের ঘটনা বলা হলেও কোনো বিএনপি নেতা বা ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।
এ ছাড়, গত বছরের জুলাইয়ে সোহাগ মিয়া, ‘Nur Un Nabi Dine’ ও ‘রিদওয়ান ইসলাম’ নামের কয়েকটি অ্যাকাউন্ট ও পেজেও ভিডিওটি পাওয়া যায়। এসব পোস্টেও ভিডিওটিকে চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছেলের সামনে বাবাকে হত্যার ঘটনা হিসেবে দাবি করা হয়। তবে পোস্টগুলোতে বিএনপির কোনো নেতা জড়িত থাকার কথা বলা হয়নি।
আরও অনুসন্ধানে গত বছরের ২০ জুলাই ‘Chandra Times’ নামের একটি ইউটিউব চ্যানেল এবং ‘Purnea Central news’ নামের ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়, যেখানে ঘটনাটি ভারতের বিহারের বলে উল্লেখ করা হয়।
ঘটনাটির বিস্তারিত ও স্থান নিশ্চিত হতে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ভাস্কর-এ গত বছরের ১৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি বাংলাদেশের চট্টগ্রাম নয়, বরং ভারতের বিহার রাজ্যের সাহারসা জেলার বারা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের। সেখানে জমি জমা নিয়ে বিরোধের জেরে রাম প্রবেশ যাদব ও তাঁর ছেলে রবীন্দ্র যাদব মিলে ছোট ভাই গিরিধারী যাদবের ওপর কোদাল দিয়ে হামলা চালান। এতে গিরিধারী যাদব গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করে।
পাশাপাশি, ভারতের আরও কয়েকটি গণমাধ্যমেও একই তথ্য পাওয়া যায়।
ভারতের বিহারে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে কোদাল দিয়ে হামলার একটি পুরোনো ভিডিওকে চট্টগ্রামের বিএনপি নেতা কর্তৃক সন্তানের সামনে বাবাকে হত্যার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।