হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পার্লামেন্টের অফিসে হামলা—ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার

ফ্যাক্টচেক ডেস্ক

ইরান কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলার দৃশ্য দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের পক্ষ থেকে চালানো বিমান হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরান ‘ট্রু প্রমিজ’ নামে ধারাবাহিক সামরিক অভিযান শুরু করে।

‘ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলা করেছে’— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি আকাশচুম্বী ভবনের প্রায় সম্পূর্ণ অংশে আগুনে পুড়ে যাচ্ছে। ভবন থেকে কালো ধোঁয়া ছড়াচ্ছে। আশপাশে আরও কয়েকটি আকাশচুম্বী ভবন দেখা যাচ্ছে। তবে সেগুলো অক্ষত।

‘NN TV বাংলা’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল রাত ৯টা ৪ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টের অফিস কক্ষ টার্গেট করে মি’সা’ই’ল হা’ম’লা করে ইরান।’ (বানান অপরিবর্তিত)

আজ রোববার (১৫ জুন) বেলা আড়াইটা পর্যন্ত ভিডিওটি ১ লাখ বার দেখা হয়েছে এবং ২ হাজার ৪০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৯০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৬০৬ হাজার বার।

আরাবী আরাবী ও Mujahidul Islam নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং DAILY TIMES 24 Dhakaনামে পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটি ১৪ জুনে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর আকাশচুম্বী ভবন, এতে আগুন ও ধোঁয়ার দৃশ্য এবং আশপাশের আকাশচুম্বী ভবনের মিল রয়েছে।

ইরান কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে ডেইলি মেইলের প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ জুন রাত সাড়ে ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় ‘মারিনা পিনাকল’ নামের ৬৭তলা একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শনিবার (১৪ জুন) ভোরে দুবাই সিভিল ডিফেন্সের দল ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুবাই মিডিয়া অফিসের (ডিএমও) বরাতে গণমাধ্যমটি জানায়, ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় কেউ আহত হয়নি।

আজকের পত্রিকা, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের যুক্তরাষ্ট্রের সংস্করণের একটি প্রতিবেদনেও একই তথ্যে দৃশ্যটি পাওয়া যায়।

দ্য সানের যুক্তরাষ্ট্রের সংস্করণের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

সুতরাং, ইরান কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ১৩ জুন রাতে দুবাইয়ের মারিনা এলাকায় ৬৭তলা একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনারই দৃশ্য এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

যুদ্ধের আশঙ্কায় সৌদিদের খাদ্য মজুতের হিড়িক দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

নরেন্দ্র মোদির কণ্ঠে চার দেশের সামরিক সুরক্ষায় শেখ হাসিনার ফেরার বার্তাটি এআই নির্মিত

আজারবাইজানে প্রেসিডেন্টের ছবি সরাচ্ছে সেনাবাহিনী—ভিডিওটি এআই নির্মিত

দিল্লির বিক্ষোভ ঘিরে আবর্জনা ফেলার দাবিতে ছড়ানো ভিডিওটি পানিপথের

সারা দুনিয়ায় ২০২৬, কিন্তু ইথিওপিয়াতে কেন ২০১৯ সাল

রাহুল গান্ধীর সঙ্গে জয়ের সাক্ষাতের দাবিতে ছড়ানো ছবি এআই তৈরি

দিল্লিতে ইরানি প্রেসিডেন্টের ভিডিও ভাইরাল, তিনি কি হিন্দু গুরুর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত দাবিতে এআই নির্মিত ও পুরোনো ভিডিও প্রচার

ঝুলন্ত পাথরের ভাস্কর্যকে অলৌকিক ঘটনা বলে প্রচার

ভারতের ভিডিও ছড়ানো হলো নেপালের শিশু উদ্ধারের দাবিতে