হোম > পরিবেশ

ঢাকায় অস্বস্তিকর গরম আরও কয় দিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চৈত্রের শেষ ভাগে দেশের বিভিন্ন এলাকায় গরম তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে অন্তত ২২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে জনজীবন যখন হাঁসফাঁস, এপ্রিলজুড়ে আরও কয়েক দফা তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্বস্তিকর গরম আরও কয়েক দিন থাকতে পারে। তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হচ্ছে।

আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় কোথাও কোথাও তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা থাকে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, মাঝারি তাপপ্রবাহে তা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি, আর তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

তবে এপ্রিলে শুধু গরমই নয়, হতে পারে ঝড়বৃষ্টি। দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

যদিও সার্বিকভাবে এপ্রিল মাসে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে, তবু তাপপ্রবাহ, ভ্যাপসা গরম এবং ঝড়বৃষ্টির পালাবদলে মাসজুড়ে আবহাওয়ায় অস্থিরতা থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

ঢাকাসহ ৫টি অঞ্চলে কালবৈশাখীর আভাস

ঢাকার বাতাসে কমেছে দূষণ, বিশ্বের শীর্ষ দূষিত শহর লাহোর

রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি, অলিগলিতে জলাবদ্ধতা

পরিবেশ অধিদপ্তরে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বৃষ্টি-তাপপ্রবাহের দ্বৈরথে অস্থির জনজীবন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশের ঋতুচক্রে

দক্ষিণের ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ, উত্তরে ভারী বৃষ্টি, সাগরে লঘুচাপ

আজ দেশের কোথায় বৃষ্টি হবে জানা গেল পূর্বাভাসে

দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি হলেও ঢাকায় কম কেন

৪৩ মিমি বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা