ঈদ উদ্যাপনে সারা দেশের মানুষ এখন আপন ঠিকানায় আপনজনের কাছে। আজ সকাল থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মধ্যে ঈদের নামাজের পর এই উৎসব পালনে কেউ রয়েছেন ঘরে অতিথি আপ্যায়নে, কেউবা বেড়াতে যাচ্ছেন পরিবার-পরিজনের সঙ্গে। তবে ঈদ আনন্দ উদ্যাপনের আজকের এই দিনে দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির দেখা মিলতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ শনিবার সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ বেলা ১টার মধ্যে ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সারা দিনে মেঘাচ্ছন্ন আবহাওয়ার পরিবর্তন হবে না। এর সঙ্গে দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১ মিনিটে।