হোম > বিনোদন > হলিউড

শোয়ার্জেনেগারের সঙ্গে পুরোনো রেষারেষি নিয়ে মুখ খুললেন স্ট্যালোন

বিনোদন ডেস্ক

আর্নল্ড শোয়ার্জেনেগার ও সিলভেস্টার স্ট্যালোন। ছবি: সংগৃহীত

হলিউডের অ্যাকশন সিনেমার ইতিহাসে সিলভেস্টার স্ট্যালোন ও আর্নল্ড শোয়ার্জেনেগার দুটি অবিচ্ছেদ্য নাম। আশির দশক থেকে শুরু করে নব্বইয়ের দশক পর্যন্ত বক্স অফিসে তাঁদের লড়াই ছিল তুমুল আলোচনার বিষয়। দীর্ঘদিন পর সেই পুরোনো শত্রুতা ও রেষারেষি নিয়ে মুখ খুলেছেন ‘র‍্যাম্বো’খ্যাত তারকা সিলভেস্টার স্ট্যালোন। জানালেন, সেই তীব্র প্রতিযোগিতা তাঁর ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল।

সম্প্রতি দ্য রেস্ট ইজ এন্টারটেইনমেন্ট নামের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ৮০ বছর বয়সী এই অভিনেতা তাঁর সমসাময়িক প্রতিদ্বন্দ্বী শোয়ার্জেনেগারের সঙ্গে কাটানো সেই দিনগুলোর স্মৃতিচারণা করেন। এই রেষারেষি ক্যারিয়ারে প্রভাব ফেলেছিল কি না, এমন প্রশ্নের জবাবে স্ট্যালোন বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ফেলেছিল। আমরা একে অপরের ঘোরতর প্রতিদ্বন্দ্বী ছিলাম।’

অ্যাকশন সিনেমায় আসার পেছনের গল্প জানিয়ে স্ট্যালোন বলেন, ‘পরিস্থিতি এমন ছিল—দুজন মানুষ সম্পূর্ণ নতুন একটি ঘরানায় যাত্রা শুরু করছে এবং দুজনই সেখানে নিজেদের রাজত্ব কায়েম করতে চাইছে। আমি কখনোই অ্যাকশন হিরো হতে চাইনি। কিন্তু “ফার্স্ট ব্লাড” করার পর মনে হলো, অ্যাকশন সিনেমা যদি ঠিকমতো বানানো যায়, তবে তা আধুনিক পৌরাণিক কাহিনিতে পরিণত হতে পারে। ঠিক যেমনটা প্রাচীনকালে “দ্য ইলিয়াড”, “দ্য ওডিসি”, “হারকিউলিস” বা “অ্যাকিলিস”-এর ক্ষেত্রে দেখা গেছে।’

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের এক মজার ঘটনার কথা স্মরণ করে স্ট্যালোন জানান, শোয়ার্জেনেগারকে দেখেই তিনি বুঝেছিলেন, এই লোক তাঁর জন্য বড় সমস্যার কারণ হতে যাচ্ছে। ১৯৭৭ সালের সেই আসরে ‘পাম্পিং আয়রন’ ডকুড্রামার জন্য শোয়ার্জেনেগার যখন সেরা নবাগত অভিনেতার পুরস্কার জেতেন, তখন স্ট্যালোন বেশ অবাক ও বিরক্ত হয়েছিলেন। এরপর ‘রকি’ সিনেমার জন্য স্ট্যালোন যখন পুরস্কার জেতেন, তখন উদ্‌যাপনের ছলে শোয়ার্জেনেগারের দিকে এক বাটি ফুল ছুড়ে মেরেছিলেন তিনি। স্ট্যালোনের ভাষায়, ‘সেখান থেকেই মূলত লড়াইয়ের সূচনা।’

এরপর শুরু হয় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার পালা। স্ট্যালোন করেন ‘র‌্যাম্বো’, শোয়ার্জেনেগার নিয়ে আসেন ‘কমান্ডো’। স্ট্যালোন বলেন, ‘কে কার চেয়ে বড় অস্ত্র ব্যবহার করবে, কার সিনেমায় অ্যাকশনের দৃশ্য আরও আকর্ষণীয় হবে, কার লোকেশন ভালো; এসব নিয়ে পর্দায় এবং পর্দার বাইরে আমাদের মধ্যে চরম প্রতিযোগিতা চলত। বিষয়টি বেশ উপভোগও করতাম।’ স্ট্যালোন জানান, ১৯৯১ সালে যখন দুজন মিলে ‘প্ল্যানেট হলিউড’ নামের একটি রেস্তোরাঁ চালু করেন, তখনো তাঁরা একসঙ্গে এক মঞ্চে দাঁড়াতেন না।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের এই দূরত্বের অবসান ঘটে। ২০০৩ সালে শোয়ার্জেনেগার যখন ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নির্বাচনের ঘোষণা দেন, তখন একটি সিগারের দোকানে দুজনের দেখা হয়। সেখানেই স্ট্যালোন এগিয়ে গিয়ে বলেন, ‘এবার এসব বন্ধ করা যাক। সিনেমা নিয়ে আমাদের মধ্যে আর কোনো প্রতিযোগিতা নেই।’

দীর্ঘ রেষারেষি ও দূরত্বের অবসান ঘটিয়ে এই দুই তারকা পরবর্তী সময়ে একসঙ্গে পর্দায়ও হাজির হয়েছেন। স্ট্যালোন পরিচালিত ‘দ্য এক্সপেন্ডেবলস’ ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে কাজ করে ভক্তদের চমকে দেন তাঁরা। ২০১৩ সালের ‘এসকেপ প্ল্যান’ সিনেমায়ও দেখা যায় তাঁদের।

গত অক্টোবরে পিপল ম্যাগাজিনকে স্ট্যালোন জানিয়েছেন, শোয়ার্জেনেগারের সঙ্গে তাঁর এখন দারুণ বন্ধুত্ব। সময়ের সঙ্গে দুজনই এখন শান্ত হয়েছেন। তবে সেই বাস্তবজীবনের রেষারেষি যে তাঁদের আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করেছিল, তা অকপটে স্বীকার করে নিয়েছেন হলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

বিপর্যয়ে বাড়িছাড়া হয়ে হোটেলে নিকোলাস কেজ

শেষবারের মতো জ্যাক স্প্যারো হয়ে ফিরতে চান জনি ডেপ

পানির সংকট মেটাতে ড. ইউনূসের মডেলে ম্যাট ডেমনের সাফল্য

হিচককের কালজয়ী থ্রিলার ফিরছে সিরিজ আকারে

২০ সিজনে শেষ হচ্ছে ‘ক্রিমিনাল মাইন্ডস’

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

লন্ডন উৎসবে সেরা সিনেমা ‘ইম্পেরিয়াম’

আজীবন সম্মাননায় আল পাচিনো

নতুন সিজন নিয়ে ফিরছে ‘ট্রু ডিটেকটিভ’