ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং সেন্টার ফর রিসার্চ, এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (CRED) যৌথ উদ্যোগে নারী প্রতিনিধিত্ব, কোটা ব্যবস্থা এবং যৌথ গ্রন্থ রচনা বিষয়ে একটি একাডেমিক গোলটেবিল আলোচনা ও স্কলারলি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওল্ড ক্যাম্পাসের ২০৪ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক ও গবেষকেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুটি পৃথক আলোচনার মাধ্যমে নারীর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব, কোটা ব্যবস্থার কার্যকারিতা এবং শিক্ষকদের মধ্যে যৌথ গ্রন্থ রচনার সম্ভাবনা ও কৌশল নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ‘Women’s Representation through Quotas in India: Changes and Challenges’ শীর্ষক আলোচনায় মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ভারতের কলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. প্রভাত দত্ত। এ পর্বে ভারতের কোটা নীতির বিবর্তন, নারীর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার, নারীর ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি কোটা ব্যবস্থার অর্জন, সীমাবদ্ধতা ও বাস্তবায়নগত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়।
দ্বিতীয় পর্বে ‘Collaborative Book-Writing Projects among Faculty Members’ শীর্ষক আলোচনায় ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের শিক্ষকদের মধ্যে যৌথভাবে বই রচনার সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এ পর্বে আন্তবিভাগীয় গবেষণা সহযোগিতা বৃদ্ধি, সম্ভাবনাময় গবেষণার বিষয় নির্বাচন, যৌথ প্রকাশনা উদ্যোগ গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতি ও একাডেমিক প্রকাশনা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গণেশ চন্দ্র শাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক, অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর রিসার্চ, এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (CRED) পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল আলম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন CRED-এর অতিরিক্ত পরিচালক মিলি রহমান। তাঁর তত্ত্বাবধানে অনুষ্ঠান আয়োজন ও সমন্বয় কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের একাডেমিক আলোচনা শিক্ষক ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তবিভাগীয় সহযোগিতা এবং যৌথ গবেষণা ও প্রকাশনার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, সৃজনশীল একাডেমিক উদ্যোগ এবং মানসম্মত প্রকাশনা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।